বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা আরও সম্প্রসারণ করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে ইফাদ মোটরসের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ব্যাংকটি। এই চুক্তির ফলে ব্যাংকের বিদ্যমান মোটরসাইকেল ঋণ কর্মসূচিতে যুক্ত হলো বিশ্বখ্যাত ব্র্যান্ড ‘রয়্যাল এনফিল্ড’।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অংশীদারত্বের মাধ্যমে যোগ্য পুলিশ সদস্যরা পছন্দের মোটরসাইকেল কেনার জন্য সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। মাত্র ৯ শতাংশ সুদে এবং সর্বোচ্চ ১০ বছর মেয়াদে এই ঋণ পরিশোধের সুযোগ থাকবে। ব্যাংকের প্রচলিত ও ইসলামী—উভয় ধরনের ব্যাংকিং সেবার মাধ্যমেই এই অর্থায়ন সুবিধা পাওয়া যাবে।
পুলিশ সদস্যদের দৈনন্দিন যাতায়াত সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি দায়িত্ব পালন ও পারিবারিক প্রয়োজনে তাঁদের আর্থিক সক্ষমতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।