যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক বাড়ছে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে গড় শুল্কের হার বেড়ে ৩৩ দশমিক ৬ শতাংশ পর্যন্ত হতে পারে। অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব কার্যকর হলে বাংলাদেশি পোশাক রফতানিকারকদের ওপর বাড়তি চাপ তৈরি হবে। চীন, ভারত ও ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের শুল্কহার কম থাকলেও কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার সমান পর্যায়ে পৌঁছাবে। অন্যদিকে ভারত ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারলে তাদের শুল্ক কমে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানও বদলে যেতে পারে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) এক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। গত ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর (ইউএসটিআর) সেকশন ৩০১-এর আওতায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্তের ভিত্তিতে নতুন শুল্ক আরোপের প্রস্তাব প্রকাশ করে। এতে বাংলাদেশের পণ্যের ওপর বিদ্যমান সেকশন ৩০১ শুল্কের বাইরে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে আলোচনা ও প্রতিশ্রুতি সন্তোষজনক না হলে এ হার ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
বিএভির হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের বর্তমান গড় শুল্কের হার ২৫ দশমিক ৬ শতাংশ। নতুন প্রস্তাবের সর্বোচ্চ হার কার্যকর হলে তা বেড়ে ৩৩ দশমিক ৬ শতাংশ হতে পারে। অর্থাৎ আগের তুলনায় শুল্কের চাপ বাড়বে ৮ শতাংশ পয়েন্ট।
তবে নতুন শুল্কের সঙ্গে আগে থেকে আরোপিত সব শুল্ক সরাসরি যোগ হবে না। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সিএনবিসিকে জানিয়েছেন, নতুন শুল্কের হার জোরপূর্বক শ্রমসংক্রান্ত শুল্কের সঙ্গে সরাসরি যুক্ত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে না। বাংলাদেশের ক্ষেত্রে বিদ্যমান ১০ থেকে ১৮ শতাংশ সেকশন ৩০১ শুল্কের ওপর সর্বোচ্চ ৮ শতাংশ পয়েন্ট পর্যন্ত বাড়তি শুল্ক যুক্ত হওয়ার হিসাব করা হয়েছে।
চীন-ভারত-ভিয়েতনামের চেয়ে কম, তবে বাড়ছে ঝুঁকি
নতুন প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের ওপর মোট গড় শুল্কের হার প্রধান প্রতিদ্বন্দ্বী কয়েকটি দেশের তুলনায় কম থাকবে। বিএভির হিসাব অনুযায়ী, চীনের ক্ষেত্রে এ হার হতে পারে ৪৩ দশমিক ১ শতাংশ, ভারতের ৪০ দশমিক ৬ শতাংশ এবং ভিয়েতনামের ৫০ দশমিক ৬ শতাংশ।
অন্যদিকে বাংলাদেশ, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার পোশাকে গড় শুল্কের হার দাঁড়াতে পারে ৩৩ দশমিক ৬ শতাংশ। পাকিস্তান যুক্তরাষ্ট্রের এই তদন্তের আওতায় না থাকায় দেশটির শুল্কহার আগের মতো ২৫ দশমিক ৬ শতাংশে থাকতে পারে।
তবে এই তুলনামূলক সুবিধা ধরে রাখা বাংলাদেশের জন্য সহজ হবে না। কারণ, ভারত ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি করতে পারলে তাদের শুল্কের হার আরও কমে আসতে পারে। বিএভির বিশ্লেষণে বলা হয়েছে, সে ক্ষেত্রে ভারতের শুল্কহার ৩২ দশমিক ৬ শতাংশ এবং ভিয়েতনামের ৩৫ দশমিক ৬ শতাংশ হতে পারে।
অর্থাৎ বাণিজ্য চুক্তির সুবিধা পেলে ভারত বাংলাদেশের চেয়ে ১ শতাংশ পয়েন্ট কম শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানি করতে পারবে। এতে বাংলাদেশের রফতানিকারকদের জন্য প্রতিযোগিতার নতুন চ্যালেঞ্জ তৈরি হবে।
নতুন শুল্ক প্রস্তাবে তৈরি পোশাকের জন্য আলাদা কোনো ছাড় রাখা হয়নি। একই সঙ্গে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে যে তুলা আমদানিসংক্রান্ত কোটার সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সে বিষয়েও নতুন প্রস্তাবে কোনো অগ্রগতির কথা উল্লেখ করা হয়নি।
তবে নির্দিষ্ট কিছু পোশাকের ওপর শুল্ক কমানোর জন্য বস্ত্র খাতভিত্তিক বিশেষ ব্যবস্থা নেওয়া যায় কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত চেয়েছে ইউএসটিআর। এর ফলে আলোচনার মাধ্যমে কিছু পণ্যে শুল্ক সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
বাংলাদেশের জন্য এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শুল্কহার কমানোর পাশাপাশি তুলা আমদানির প্রতিশ্রুত সুবিধা আদায় করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিএভির সুপারিশ অনুযায়ী, আলোচনায় বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত নতুন শুল্কের হার ১৭ শতাংশের বেশি না হতে দেওয়া।
একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ব্যবহার করে তৈরি পোশাকের ক্ষেত্রে সেকশন ৩০১-এর আওতায় আরোপিত উভয় ধরনের শুল্ক প্রত্যাহারের জন্য বিশেষ কোটার সুবিধা চাওয়া প্রয়োজন। এতে যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে উৎপাদিত পোশাক রফতানিতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়তে পারে।
এ প্রসঙ্গে বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও সিইও মহিউদ্দিন রুবেল বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের ওপর শুল্ক বাড়ার প্রস্তাবটি নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। কারণ, যুক্তরাষ্ট্র আমাদের তৈরি পোশাকের অন্যতম প্রধান রফতানি বাজার। শুল্ক বেড়ে গেলে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতার ওপর চাপ তৈরি হতে পারে। বিশেষ করে ভারত ও ভিয়েতনাম যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে শুল্ক সুবিধা পায়, তাহলে বাংলাদেশের জন্য প্রতিযোগিতা আরও কঠিন হবে।’’
তিনি উল্লেখ করেন, এ অবস্থায় সরকারের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্কহার যতটা সম্ভব কমিয়ে আনা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির বিপরীতে বাংলাদেশের পোশাক রফতানিতে বিশেষ শুল্ক সুবিধা আদায়ের চেষ্টা করতে হবে। শুধু শুল্ক কমানোর আলোচনা নয়, দীর্ঘমেয়াদে বাজার ধরে রাখতে পণ্যের বৈচিত্র্য, উৎপাদন দক্ষতা ও মূল্য সংযোজন বাড়ানোর দিকেও গুরুত্ব দিতে হবে।
মহিউদ্দিন রুবেল বলেন, ‘‘৫ জানুয়ারি মতামত জমা দেওয়ার শেষ সময় এবং ২৫ জানুয়ারির শুনানিকে সামনে রেখে বাংলাদেশের উচিত নতুন শুল্কের হার ১৭ শতাংশ বা তার নিচে রাখার দাবি জানানো। পারস্পরিক বাণিজ্য চুক্তির আওতায় ভারত যে শুল্ক সুবিধা পেতে পারে, বাংলাদেশও সেই একই সুবিধা দাবি করতে পারে। পাশাপাশি, ইউএসটিআরের প্রস্তাবিত বস্ত্র খাতের বিশেষ শুল্ক ব্যবস্থার সঙ্গে গত জুলাইয়ে প্রতিশ্রুত তুলা আমদানির কোটার সুবিধা যুক্ত করার দাবি জানানো প্রয়োজন। এর ফলে যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি পোশাক সেকশন ৩০১-এর আওতায় আরোপিত উভয় ধরনের শুল্ক থেকে অব্যাহতি পেয়ে দেশটির বাজারে প্রবেশ করতে পারবে।’’
এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত অতিরিক্ত শুল্ক কার্যকর হলে বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে বাড়তি চাপ তৈরি হবে। উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়টি বিবেচনায় নিলে এতে রফতানিকারকদের মুনাফা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে প্রতিযোগী দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে শুল্ক সুবিধা পেলে দেশটির বাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখা আরও কঠিন হয়ে পড়বে। এর নেতিবাচক প্রভাব বিনিয়োগ ও কর্মসংস্থানেও পড়তে পারে।’’
তিনি বলেন, ‘‘এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রস্তাবিত অতিরিক্ত শুল্ক কমানোর উদ্যোগ নিতে হবে। অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত ও যৌক্তিক ব্যাখ্যার মাধ্যমে বাংলাদেশের অবস্থান তুলে ধরা জরুরি। একই সঙ্গে ভারত ও ভিয়েতনামসহ প্রতিযোগী দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।’’
ফাহমিদা খাতুন আরও বলেন, ‘‘আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে শুধু শুল্ক সুবিধার ওপর নির্ভর করলে হবে না। দেশের ভেতরেও পোশাকশিল্পের উৎপাদন ব্যয় কমানো, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদনশীলতা বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি পণ্যের বৈচিত্র্য আনা এবং নতুন রফতানি বাজার অনুসন্ধানের মাধ্যমে বাজার বহুমুখীকরণের উদ্যোগ জোরদার করতে হবে।’’
জানুয়ারিতেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সুযোগ
প্রস্তাবিত শুল্ক নিয়ে মতামত দেওয়ার জন্য আগামী ৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে ইউএসটিআর। এরপর ২৫ জানুয়ারি এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে তথ্য-উপাত্ত ও যৌক্তিক প্রস্তাব তুলে ধরা গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান রফতানি বাজার। সেখানে শুল্কের হার বেড়ে গেলে বাংলাদেশি পণ্যের দাম ও প্রতিযোগিতামূলক অবস্থানের ওপর প্রভাব পড়তে পারে। বিশেষ করে ভারত ও ভিয়েতনাম বাণিজ্য চুক্তির মাধ্যমে শুল্ক সুবিধা পেলে বাংলাদেশের রফতানিকারকদের জন্য চ্যালেঞ্জ আরও বাড়বে।
উল্লেখ্য, বিএভির বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের গড় সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ (এমএফএন) শুল্ক ১৫ দশমিক ৬ শতাংশ ধরে মোট শুল্কের হার হিসাব করা হয়েছে। চীনের ক্ষেত্রে ২০১৯ সালে আরোপিত অতিরিক্ত ৭ দশমিক ৫ শতাংশ শুল্কও অন্তর্ভুক্ত রয়েছে। এসব হার প্রস্তাবিত সর্বোচ্চ শুল্কের হিসাব; চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
লিঙ্ক: https://www.channels.com.bd/news/economy/3ae9-20261126