প্রচলিত রাজনীতির বা জমিদারির হিস্যা-কোন্দলের বাইরে গিয়ে এটি রঙ্গমালা ও ফুলেশ্বরী রাইয়ের মধ্যকার এক সূক্ষ্ম, আত্মিক ও অপার্থিব সখ্যের গল্প তুলে ধরা হয়েছে নাটকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
শাহীন আখতারের উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক ‘সখী রঙ্গমালা’ মঞ্চে আনছে নাট্যদল ‘বটতলা’।
সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকারের নাট্যরূপে প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শনিবার নাটকটির দুইটি প্রদর্শনী হবে। বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে নাটকটি।
দুই নারীর সম্পর্কের মধ্য দিয়ে প্রকৃতি, মুক্তি ও নারী-ক্ষমতায়নের ভিন্ন এক দৃষ্টিভঙ্গি খোঁজার চেষ্টা করা হয়েছে এখানে।
কাহিনীতে দেখা যায়, স্বামী জমিদার রাজচন্দ্র চৌধুরীর প্রেমিকা রঙ্গমালার সঙ্গে ফুলেশ্বরী রাইয়ের সম্পর্ক সমাজের প্রচলিত হিসাব ছাপিয়ে এক নিবিড় বন্ধুত্বে রূপ নেয়। যে রঙ্গমালাকে দূর থেকে একবার দেখা ছাড়া ফুলেশ্বরী ভালোভাবে দেখেনি, তার প্রতিই ফুলেশ্বরীর তৈরি হয় আত্মিক ও দৈহিক টান; পরজন্মে কৃষ্ণবর্ণের সন্তানের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে যা এক প্রতীকী রূপ পায়।
নির্দেশক মোহাম্মদ আলী হায়দার জানিয়েছেন, উপন্যাসটি পড়ার পর রঙ্গমালার প্রতি দরদ এবং ফুলেশ্বরীর চরিত্রের নিখাঁদ ভালোবাসা ও প্রকৃতির সঙ্গে সংযোগ তাকে আকৃষ্ট করেছে। রঙ্গমালাকে হত্যার পর ফুলেশ্বরীর পাখির গানে প্রতিবাদ জানানোর মত বিরল ও সহজিয়া ভাবের চরিত্র নির্মাণের তাগিদ থেকেই প্রযোজনাটি করার সিদ্ধান্ত নেয় বটতলা।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কাজী শামস তাথৈ, মাহবুব মাসুম, কাজী রোকসানা রুমা, ওলিয়েন্ডার রিমা, শাহিনূর আক্তার প্রীতি, রিশাদুর রহমান রিশাদ, আশরাফুল ইসলাম অশ্রু, তৌফিক হাসান ভূঁইয়া, নিরঞ্জন দাস, লোচন পলাশ, লায়েকা বশীর ও নাজিফা তাসনিম খানম তিশাসহ অনেকে।
সংলাপ রূপান্তর করেছেন নাজিফা তাসনিম খানম তিশা। সহকারী নির্দেশক কাজী রোকসানা রুমা ও সৌম্য সরকার।
মঞ্চ পরিকল্পনায় মোহাম্মদ আলী হায়দার, আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণে সাইফ মন্ডল, সঙ্গীত পরিকল্পনায় লোচন পলাশ, কোরিওগ্রাফিতে সুইটি দাস চৌধুরী, মোহাম্মদ আলী হায়দার ও সামিনা লুৎফা নিত্রা এবং পোশাক পরিকল্পনায় রয়েছেন আফ্রিনা বুলবুল।
প্রযোজনাটির পৃষ্ঠপোষকতায় রয়েছে নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশন।
পরিবেশ, কগনিটিভ হেলথ ও ক্রমবর্ধমান সামাজিক সংকটের যোগসূত্র
সম্পূরক পরীক্ষার্থীর ভর্তি: আচার্যের হস্তক্ষেপই কি শেষ ভরসা?
বাংলাদেশের ইতিহাসের মালিকানা দিল্লি কিংবা ইসলামাবাদের নয়
ভেজাল রোধে মৃত্যুদণ্ডের প্রস্তাব: ভোক্তা সুরক্ষা মিলবে কি?