জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গ্রাম পুলিশদের মহাসমাবেশে দেশের ৮ গ্রামপুলিশ সদস্যকে সম্মাননা ও অর্থ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শেরপুরের গ্রামপুলিশ সদস্য মো. মজনু মিয়া।
আজ (শনিবার, ৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রামপুলিশদের মহাসমাবেশে প্রধানমন্ত্রী তাদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন শেরপুরের মজনু মিয়া।
মজনু মিয়া শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রামের মরহুম বিল্লাল হোসেন দফাদারের সন্তান। বাবার মৃত্যুর পর নিজের যোগ্যতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে তিনি সুনামের সঙ্গে গ্রামপুলিশের দায়িত্ব পালন করে আসছেন।
এদিকে প্রধানমন্ত্রীর কাছ থেকে মজনু মিয়ার সম্মাননা গ্রহণের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই তার এ অর্জনকে শেরপুরের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে শুভকামনা জানিয়েছেন।
স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে একজন গ্রামপুলিশ সদস্যের জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি অর্জন তার দীর্ঘদিনের কর্মনিষ্ঠা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে দেখছেন স্থানীয়রা। এ অর্জনে আনন্দিত চরশেরপুর সাতানিপাড়াসহ শেরপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।