দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে নিয়মিত খেলাধুলার আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ ১০ ধরনের খেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. শহিদুল ইসলামের সই করা এক নির্দেশনায় এ কথা জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে বছরজুড়ে খেলাধুলার আয়োজন করতে হবে। নির্ধারিত ১০টি খেলা হলো ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডি। এর বাইরেও অন্যান্য খেলাধুলার আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে। মাউশির নির্দেশনায় বলা হয়, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের পাঠানো একটি আবেদন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মাউশিতে পাঠানো হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী খেলাধুলা চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নথিপত্র অনুযায়ী, গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানকে আধা-সরকারি পত্র পাঠিয়ে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলা চালুর প্রস্তাব দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। চিঠিতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি তৈরি এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে শিক্ষাবর্ষের সঙ্গে সমন্বয় করে বছরজুড়ে খেলাধুলা ও ফিটনেস মূল্যায়নের ব্যবস্থা চালুর কথা উল্লেখ করেন। এ উদ্যোগের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহারের ২৫ নম্বর দফায় ক্রীড়া শিক্ষা ও খেলাধুলার প্রসারের প্রতিশ্রুতি এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি-৪) বিষয়টি উল্লেখ করেন তিনি। প্রস্তাবটি বাস্তবায়নে গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে ৫ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাউশিকে নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে দেশের সব আঞ্চলিক পরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।