1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

ভারতের টেস্ট ক্রিকেটের কঠিন সময়ে বল হাতে বারবার নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মোহাম্মদ শামি। গতি, সুইং আর অদম্য লড়াকু মানসিকতায় প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে দেশের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তবে এবার লাল বলের ক্রিকেটে নিজের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি টানলেন অভিজ্ঞ এই পেসার।

গতকাল শুক্রবার (৬ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অবসরের বিষয়টি নিশ্চিত করেন ৩৬ বছর বয়সী শামি। কাকতালীয়ভাবে, ঠিক ১৩ বছর আগে ২০১৩ সালের ৬ নভেম্বরই টেস্ট অভিষেক হয়েছিল তার। অর্থাৎ অভিষেকের একই তারিখে আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ভারতের জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি মোহাম্মদ শামিকে। টেস্ট ক্রিকেটেও তার সর্বশেষ উপস্থিতি ছিল ২০২৩ সালে। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে ফেরার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছিল। শেষ পর্যন্ত আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের অভিজ্ঞ এই পেসার।

ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দিনে নিজের অভিষেক টেস্টেই নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছিলেন শামি। দুই ইনিংস মিলিয়ে ১১৮ রান খরচায় নিয়েছিলেন ৯ উইকেট, যা এখনো তার ক্যারিয়ারের অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স।

৬৪ টেস্টের আন্তর্জাতিক ক্যারিয়ারে শামির শিকার ২২৯ উইকেট। টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তার অবস্থান ১২তম। আর পেসারদের মধ্যে রয়েছেন ষষ্ঠ স্থানে। সাদা পোশাকে ছয়বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তার। সর্বশেষ ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন এই পেসার।

অবসরের ঘোষণা দিয়ে নিজের ইনস্টাগ্রাম পোস্টে আবেগঘন বার্তা দিয়েছেন শামি। তিনি লিখেছেন, ‘১৩ বছরের এই যাত্রায়, এই ক্যাপ ও বলই আমাকে “মোহাম্মদ শামি” করে তুলেছে। অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছি, পড়ে গেছি, আঘাত পেয়েছি, চোট পেয়েছি। কিন্তু এই ব্যাজটির সম্মানের খাতিরে আমি আবারও উঠে দাঁড়িয়েছি। সবমিলিয়ে এই ১৩ বছরের যাত্রাটা দারুণ ছিল। আমার কোচ, ট্রেইনার, ফিজিও যারা সামান্যতম অবদানও রেখেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই।’

দীর্ঘ ক্যারিয়ারে সমর্থকদের ভালোবাসা ও অনুপ্রেরণার কথাও বিশেষভাবে স্মরণ করেছেন ভারতীয় এই পেসার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশেষত ভক্তদের ধন্যবাদ। ক্রিকেট সমর্থকরা আমাকে যে পরিচিতি দিয়েছেন এবং যে উৎসাহ জুগিয়েছেন, তা চিরকাল মনে থাকবে। ক্রিকেটকে যারা এত ভালোবাসেন এবং আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন, সেসব ভক্তদের অশেষ কৃতজ্ঞতা। ৬ নভেম্বর আমি এই ক্যাপটি পেয়েছিলাম, আর আজ ৬ নভেম্বর, এই ১৩ বছরের যাত্রার এখানেই ইতি টানছি। যেদিন অভিষেক হয়েছিল, ঠিক সেদিনেই আমি অবসর নিচ্ছি।’

তবে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও ক্রিকেট থেকে এখনই সরে দাঁড়াচ্ছেন না শামি। সাদা বলের ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলার পাশাপাশি ফিটনেস ঠিক থাকলে দীর্ঘ সংস্করণের ক্রিকেটেও চালিয়ে যেতে চান তিনি। এ বিষয়ে শামির ভাষ্য, ‘আমি টেস্ট ছেড়ে যাচ্ছি, তবে সাদা বলের ক্রিকেটে খেলা চালিয়ে যাব, সেটা আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট। আর যদি ফিটনেস ঠিক থাকে, তাহলে দীর্ঘ সংস্করণের ক্রিকেটও চালিয়ে যেতে পারি, তবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট নয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ