1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ

আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানে সরকারের ‘বড় উদ্যোগ’

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রাথমিকভাবে এক লাখ আনসার-ভিডিপি সদস্যকে আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আর্থসামাজিক জীবনমান উন্নয়নে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ সম্প্রসারণ, আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা এবং নিরাপদ ও বৈধ অভিবাসনের সুযোগ সৃষ্টিতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) একাডেমিসহ দেশব্যপী বিভিন্ন জেলার বিদ্যমান অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ইতোমধ্যেই সদস্যদের জন্য বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

এসব প্রশিক্ষণের আওতায় ৬জি ওয়েল্ডিং, নির্মাণ ও ড্রাইভিং, গার্মেন্টস, হসপিটালিটি, শেফ ট্রেনিং, সৌরবিদ্যুৎ ও সবুজ জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও জাপানি ভাষা শিক্ষার মতো চাহিদাসম্পন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশীয় শিল্প ও সেবা খাতের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও সদস্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ইতোমধ্যেই সিঙ্গাপুর, মালদ্বীপ ও মরক্কোসহ চারটি দেশের প্রতিনিধিদল একাডেমির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন।

এ প্রসঙ্গে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর বেতন কাঠামো, কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা ও সার্বিক ব্যবস্থাপনার মান যাচাই করে শুধুমাত্র দক্ষতায় প্রশিক্ষিত সদস্যদের কর্মসংস্থানের জন্য পাঠানো হবে।

তিনি আরও বলেন, বাহিনীর ৬০ লাখেরও বেশি সদস্যের জীবনমান উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় প্রশিক্ষণ সক্ষমতা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাজ্জাদ মাহমুদ বলেন, জাপানের শীর্ষস্থানীয় কর্মসংস্থান প্রতিষ্ঠানসহ একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে কর্মসংস্থানের সম্ভাবনাকে কাজে লাগাতে আনসার-ভিডিপির প্রশিক্ষিত জনবল প্রস্তুত করা হচ্ছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে জানানো হয়েছে, সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আনসার ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টকে রিক্রুটিং লাইসেন্স অনুমোদিত হওয়ায় ইতোমধ্যেই প্রশিক্ষিত বাহিনীর নারী ও পুরুষ দক্ষ সদস্যদের প্রথম ধাপে বিদেশ প্রেরণের কার্যক্রম শুরু হয়েছে।

তারা জানিয়েছে, আন্তর্জাতিক শ্রমবাজারে গ্রহণযোগ্যতা অর্জনে দক্ষতা ও পেশাগত মান নিশ্চিত করা অপরিহার্য। এছাড়াও প্রশিক্ষণার্থী লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষমতা বৃদ্ধির জন্য বিএমইটির ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও আনসার-ভিডিপির দেশব্যাপী তৃণমূল নেটওয়ার্ক সমন্বিতভাবে কাজ করার সমঝোতা চুক্তির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নব উদ্বোধিত ডিজিটাল ডেটাবেজ বিএমইটির সঙ্গে সংযুক্ত করে প্রশিক্ষণার্থী ও কর্মপ্রত্যাশীদের তথ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও যাচাইকরন নিশ্চিত করা হবে। পাশাপাশি নিজস্ব কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম) প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে কর্মরত সদস্যদের সার্বক্ষণিক সেবা ও নিরাপত্তা সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়াও বাহিনীর সহযোগী প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-এর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির অনুকূলে আনুষ্ঠানিকভাবে রিক্রুটিং লাইসেন্স হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে কর্মসংস্থান সংক্রান্ত চুক্তি ও অংশীদারিত্ব প্রতিষ্ঠার আলোচনা চলমান রয়েছে। নিজস্ব বায়োমেট্রিক ও ডিজিটাল ডেটাবেজ ব্যবস্থার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে নিরাপদ, স্বচ্ছ ও বৈধ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে আরও জানানো হয়েছে, বাহিনীর এ উদ্যোগের লক্ষ্য কেবল বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি নয়, বরং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, আত্মনির্ভর ও উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তোলা। এর ফলে সদস্যদের ব্যক্তিগত ও পারিবারিক আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশীয় শিল্প ও সেবা খাতে দক্ষ কর্মীর চাহিদা পূরণ, বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ সম্প্রসারিত হবে।

জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও কল্যাণে বহুমাত্রিক ভূমিকা পালনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় উন্নয়নের অংশীদার হিসেবে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করতে কাজ করছে। সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ