1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ

জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা, গঠিত হবে ৩ স্তরের কমিটি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

| বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:০৮ পূর্বাহ্ণ

জমি ও স্থাবর সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধান জারি করেছে সরকার। এখন থেকে সম্পত্তির বাজারমূল্য নির্ধারণে আর শুধু সর্বনিম্নমূল্য বিবেচনা করা হবে না। এ জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক বাজার মূল্য নির্ধারণ কমিটি গঠন করা হবে। নির্ধারিত বাজারমূল্যের তালিকা তিন বছর কার্যকর থাকবে।

এ বিষয়ে ১১ নভেম্বর ‘সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’ অধিকতর সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নিবন্ধন অধিদপ্তর। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯০৮ সালের রেজিস্ট্রেশন অ্যাক্টের ৬৯ ধারার উপধারা (১)-এর দফা (কে)-তে প্রদত্ত ক্ষমতাবলে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে এ সংশোধনী আনা হয়েছে। সংশোধনের মাধ্যমে বিধিমালার নাম থেকে ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ‘বাজার মূল্য’ বলতে সম্পত্তির প্রকৃত বাজারমূল্য বোঝানো হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, সিটি করপোরেশনভুক্ত এলাকার জমির বাজারমূল্য নির্ধারণে বিভাগীয় কমিটি, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জন্য জেলা কমিটি এবং এসব এলাকার বাইরে অন্যান্য স্থানের জন্য উপজেলা কমিটি কাজ করবে। খবর বাসসের।

বিভাগীয় কমিটির সভাপতি থাকবেন বিভাগীয় কমিশনার। এ কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের পরিচালক, সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), আয়কর বিভাগের প্রতিনিধি এবং প্রযোজ্য ক্ষেত্রে নগর উন্নয়ন কর্তৃপক্ষ বা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। জেলা রেজিস্ট্রার হবেন সদস্য–সচিব।

জেলা কমিটির সভাপতি থাকবেন জেলা প্রশাসক। কমিটিতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা বা নির্বাহী কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট সাব–রেজিস্ট্রারসহ নির্ধারিত কর্মকর্তারা সদস্য হিসেবে থাকবেন। জেলা রেজিস্ট্রার এ কমিটির সদস্য–সচিবের দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে উপজেলা কমিটির সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কমিটির সদস্য হবেন। উপজেলা সাব–রেজিস্ট্রার থাকবেন সদস্য–সচিব।

সংশোধিত বিধিমালায় বাজারমূল্য নির্ধারণের মেয়াদ তিন বছর করা হয়েছে। কোনো এলাকার বাজারমূল্যের মেয়াদ যে পঞ্জিকাবর্ষে শেষ হবে, ওই বছরের ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কমিটিকে নতুন বাজারমূল্য নির্ধারণ করে তালিকা প্রস্তুত করতে হবে। তালিকার একটি কপি ১৫ ডিসেম্বরের মধ্যে মহা–পরিদর্শক, নিবন্ধনের কাছে পাঠাতে হবে। বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে জমির শ্রেণি, ব্যবহার ও অবস্থান, যোগাযোগ ও অবকাঠামোগত সুবিধা, সরকারি সম্পত্তির নির্ধারিত বাজারমূল্য, বিভিন্ন সরকারি সংস্থা ও উন্নয়ন কর্তৃপক্ষের নির্ধারিত মূল্য বিবেচনায় নিতে হবে। পাশাপাশি স্থানীয় বাজারমূল্য অনুসন্ধান, গণশুনানিতে পাওয়া তথ্য, পূর্ববর্তী নিবন্ধিত দলিলের মূল্য এবং সামপ্রতিক ক্রয়–বিক্রয়ের তথ্যও বিবেচনা করতে হবে।

বিধিমালায় বলা হয়েছে, কোনো একটি বিষয়কে এককভাবে বিবেচনা করে বাজারমূল্য নির্ধারণ করা যাবে না। বরং সংগৃহীত সব তথ্য–উপাত্ত যাচাই ও বিশ্লেষণ করতে হবে। কোনো মৌজায় জমির অবস্থান ও বৈশিষ্ট্যের কারণে বাজারমূল্যে পার্থক্য থাকলে একাধিক ক্লাস্টার বা গুচ্ছভিত্তিক মূল্য নির্ধারণ করতে হবে। কমিটিগুলোর কাছ থেকে তালিকা পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে মহা–পরিদর্শক, নিবন্ধন তা বিবেচনা করে চূড়ান্ত বাজারমূল্য তালিকা অনুমোদন ও আদেশ জারি করবেন। চূড়ান্ত তালিকার অনুলিপি নিবন্ধন অধিদপ্তর, জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, জেলা রেজিস্ট্রার, সহকারী কমিশনার (ভূমি) এবং সাব–রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠাতে হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তালিকা সংরক্ষণের পাশাপাশি নির্ধারিত কার্যালয়ের ওয়েবসাইটে তা প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে জানতে পারেন।

তবে আদালতের ডিক্রির মাধ্যমে সম্পাদিত দলিলের ক্ষেত্রে বিশেষ বিধান রাখা হয়েছে। চুক্তি প্রবলের মামলায় আদালতের ডিক্রিজারি কার্যক্রমের আওতায় আদালত কর্তৃক সম্পাদিত দলিল, দলিলে প্রদর্শিত মূল্যেই নিবন্ধন করতে হবে। বায়নাপত্রের ক্ষেত্রেও মূল্য নির্ধারণের পৃথক নিয়ম রাখা হয়েছে। বায়নাপত্রে উল্লেখিত সম্পত্তির মূল্য নির্ধারিত বাজারমূল্যের চেয়ে কম হলে বিক্রয় দলিল সম্পাদনের সময় কার্যকর বাজারমূল্যের ভিত্তিতে নিবন্ধন করতে হবে। আর বায়নাপত্রে উল্লেখিত মূল্য বাজারমূল্যের চেয়ে বেশি হলে বায়নাপত্রে প্রদর্শিত মূল্যেই বিক্রয় দলিল নিবন্ধন করতে হবে।

নতুন এ বিধিমালার মাধ্যমে জমির বাজারমূল্য নির্ধারণে স্থানীয় বাস্তবতা, সামপ্রতিক ক্রয়–বিক্রয় এবং অবকাঠামোগত সুবিধাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বাস্তবভিত্তিক মূল্যায়নের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ