বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের যোগ্যতা ও প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
ব্যাংক খাতে অনিয়মের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে দায়ী করে বিভাগটি বিলুপ্ত করার বিষয়ে বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির বাস্তবায়নও জানতে চেয়েছেন তিনি।
সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে সম্পূরক প্রশ্নে এসব বিষয়ে জানতে চান কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত।
অর্থমন্ত্রী তার অভিযোগের বিষয়ে বলেছেন, শুধু ব্যবস্থাপনা পরিচালক নয়, ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদেও যোগ্য ব্যক্তিদের বেছে নেওয়া হচ্ছে।
“কোনো রাজনৈতিক বিবেচনায় আজ পর্যন্ত কোনো ব্যাংকে, কোনো আর্থিক প্রতিষ্ঠানে কোনো নিয়োগ দেওয়া হয় নাই- হবে না। যোগ্যতার ভিত্তিতে এই সমস্ত নিয়োগ দেওয়া হচ্ছে।”
গত ২৬ অক্টোবর জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. মাহবুব আলমকে দায়িত্ব দিতে মনোনয়ন দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত হয়।
এর আগে সম্পূরক প্রশ্নে হাসনাত বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক অনিয়মের কারণে ২০২৫ সালের জুনে জনতা ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে ম্যাক্স গ্রুপের ২৩ হাজার কোটি, এস আলম গ্রুপের ১০ হাজার ২০০ কোটি, এনএস টেক্সের ৭ হাজার ৮০০ কোটি এবং ক্রিসেন্ট গ্রুপের ৩ হাজার ৪০০ কোটি টাকা ঋণ ‘খেলাপি’ ছিল।
তবে কোন তথ্য সূত্র থেকে এসব পরিসংখ্যান দিয়েছেন তা বলেননি তিনি।
তার অভিযোগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে দায়িত্ব দেওয়া ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকদের যোগসাজশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সংকটে পড়েছে।
হাসনাত বলেন, বিএনপি ক্ষমতায় এলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশ ব্যাংকের হাতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের পক্ষ থেকে ব্যাংক খাতে হস্তক্ষেপ না করার কথাও বলা হয়েছিল। অথচ সম্প্রতি বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে জনতা ব্যাংকের এমডি নিয়োগ দেওয়া হয়েছে।
ওই ব্যাংকের বিরুদ্ধে ২০২৪ সালের পর ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।
এনসিপির এই সংসদ সদস্য বলেন, “এই জায়গায় আমার প্রশ্নটি হচ্ছে যে মাঝারি পরিসরের একটা ব্যাংকের- একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কোন যোগ্যতার বলে একটা বড় প্রতিষ্ঠানে? জনতা ব্যাংকের মতো একটা বিশাল সমস্যা জর্জরিত প্রতিষ্ঠানে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই এমডি নিয়োগের আসলে ক্রাইটেরিয়া কি? যোগ্যতা কি? এটা কি কেবল শুধুমাত্র সরকার জানবে নাকি এটা পাবলিক সার্কুলারের মাধ্যমে হবে।”
একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার প্রতিশ্রুতি কবে বাস্তবায়ন করা হবে, সেটিও জানতে চান তিনি।
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু বলেন, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়া যাবে না- এ ধরনের কোনো নিয়ম নাই। এসব নিয়োগ হয়ে থাকে যোগ্যতার ভিত্তিতে।
তিনি বলেন, ব্যাংকের শীর্ষ পদে নিয়োগের জন্য একটি প্যানেল রয়েছে। প্রার্থীদের জীবনবৃত্তান্ত পর্যালোচনা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য ব্যক্তি নির্বাচন করা হয়। প্রার্থী সরকারি না বেসরকারি ব্যাংকে কর্মরত, তা বিবেচনা করা হয় না।
তিনি বলেন, “আমরা চাই যোগ্য ব্যক্তি দক্ষ ব্যক্তি এই ব্যাংকগুলোর দায়িত্ব নিক এবং যেই খাদের মধ্যে পড়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারি।”
ব্যাংক খাতের পরিস্থিতির উন্নতি হচ্ছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, গ্রাহকদের আস্থা ফিরছে। একসময় অনেকে আশঙ্কা করেছিলেন, ব্যাংক থেকে গ্রাহকেরা ব্যাপকভাবে আমানত তুলে নেবেন। কিন্তু এখন উল্টো ব্যাংকগুলোতে নিট আমানত বাড়ছে। ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠনের কাজও এগিয়ে চলছে।
“আমি আশ্বস্ত করতে চাই আগামী দিনে ব্যাংকিং খাত পুর্নগঠনের যে প্রসেস চলছে ঘুরে দাঁড়ানোর সেটার ফলাফল আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন ইনশাআল্লাহ।”
হানিট্র্যাপ: প্রেমেরই ফাঁদ পাতা ভুবনে
দুই দেশের বৈঠক চলে, তার রাত কাটে খোলা মাঠে
ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা, নাকি আটকে আছেন শর্তের জালে?
এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সময়ের ঋণ শোধের পরীক্ষা