এসবিএসি ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ব্যাংকিং খাতের ঝুঁকি নিয়ন্ত্রণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা, ঋণের মান যাচাই এবং সুশাসন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫ এর পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ। এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. মঈনুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫ এর অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং এসবিএসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান।
সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫-এর যুগ্মপরিচালক মো. আরিফুর রহমান এবং সুপারভাইজরি পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টের (এসপিসিডি) যুগ্মপরিচালক সাগুফতা ইকবাল। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী। সম্মেলনে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা সরাসরি এবং অনলাইন মাধ্যমে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার উদ্দিন আহমেদ বলেন, ব্যাংকের জন্য মুনাফা অর্জন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমানতকারীদের স্বার্থ রক্ষাও জরুরি। এ লক্ষ্য সামনে রেখে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করা এবং তদারকি জোরদারের মাধ্যমে শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক।
তিনি ঋণ যেন কোনো নির্দিষ্ট গ্রুপ, খাত বা অঞ্চলের মধ্যে অতিরিক্ত কেন্দ্রীভূত না হয়, সেদিকে নজর দেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি ঝুঁকিভিত্তিক তদারকি কার্যক্রম যথাযথভাবে পরিচালনার মাধ্যমে ব্যাংকিং খাতের ঝুঁকি কমিয়ে আনার ওপর গুরুত্ব দেন।
সভাপতির বক্তব্যে এস. এম. মঈনুল কবীর বলেন, ঝুঁকি মূল্যায়ন ছাড়া কোনো উদ্যোগ দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না। ব্যাংকের প্রতিটি কার্যক্রমেই কোনো না কোনো ঝুঁকি রয়েছে। তাই এসব ঝুঁকি চিহ্নিত করা, মূল্যায়ন করা এবং তা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সবার দায়িত্ব।
তিনি ঋণ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা, ঋণের গুণগত মান যাচাই এবং গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেন। তিনি আরও জানান, এসবিএসি ব্যাংকে করপোরেট সুশাসন প্রতিষ্ঠা এবং প্রতিটি কার্যক্রমে নিয়মনীতি অনুসরণ করা হচ্ছে। তারল্য ব্যবস্থাপনা ও মূলধন পর্যাপ্ততা বজায় রাখার ক্ষেত্রেও ব্যাংককে সমস্যায় পড়তে হয়নি।
প্রযুক্তিগত ঝুঁকি মোকাবিলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিরাপদ কর্মপরিবেশ ও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে গ্রাহকের আস্থা এবং ব্যাংকের সুনাম ধরে রাখা সম্ভব হবে।