চৌমুহনীতে স্লোগান দিয়ে মিছিল, পেট্রোল ঢেলে দরজায় আগুন দেওয়ার অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে পেট্রোল ঢেলে আগুন ও জানালার গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের সামনের একটি দরজার অংশ পুড়ে গেছে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বৃষ্টির মধ্যে একদল ব্যক্তি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান দিয়ে চৌমুহনী পূর্ব বাজারে মিছিল করেন। তাঁদের হাতে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ মিছিলের একটি ব্যানার ছিল। ওই ব্যানারে জেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের নাম উল্লেখ ছিল।
মিছিল নিয়ে তাঁরা গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সামনে যান। একপর্যায়ে কার্যালয়ের সামনের দরজার বিভিন্ন অংশে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। একই সময় অফিসের বাইরের জানালার কাচ ভাঙচুর করা হয়। আগুনে দরজার কিছু অংশ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।