তিনবার শট নিয়েও গোলের দেখা পেলেন না জনপ্রিয় অভিনেতা চাষী আলম। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের হাবু ভাই চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেতা এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রতীকী খেলায় অংশ নিয়ে গোল করতে ব্যর্থ হন। তবে গোল না পেলেও টুর্নামেন্ট নিয়ে আগ্রহের কমতি নেই তার।
শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোরে আয়োজিত টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানস্থলে তৈরি করা ছোট্ট শটবারে তিনবার বল জালে পাঠানোর চেষ্টা করেন চাষী আলম। তবে প্রতিবারই ব্যর্থ হন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এবিজি মিডিয়া কাপে কোনো নির্দিষ্ট দলের সমর্থক নন তিনি। যে দল ভালো খেলবে এবং শেষ পর্যন্ত জিতবে, সেই দলের পাশেই থাকবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে চাষী আলম বলেন, ‘সবাই ভালো খেলবে। তবে যে একটু বেশি ভালো খেলবে, সে-ই জিতে যাবে।’
কোনো নির্দিষ্ট দলের নাম বলতে চান না জানিয়ে তিনি বলেন, ‘আমি কোনো একটা দলের নাম বলব না, কারণ তাতে আমার অন্য ভাইরা মন খারাপ করবে। আমি আসলে অনেকগুলো দলেরই সাপোর্টার।’
সব দলের প্রতি সমান সমর্থনের কথা জানিয়ে অভিনেতা বলেন, ‘কাউকে কম বা বেশি না, সব দলের জন্যই সাপোর্ট আছে। আসল কথা হলো, যে জিতবে আমি তার সাপোর্ট করব।’
বিভিন্ন গণমাধ্যমের দলের প্রতি সমান ভালোবাসা বোঝাতে হাতের পাঁচ আঙুলের উদাহরণও দেন চাষী আলম। তার ভাষায়, ‘এই যে আমাদের পাঁচটা আঙুল—সাইজে কিছুটা ছোট-বড় হলেও সবার কিন্তু অগ্রাধিকার একদম সমান।’
উল্লেখ্য, আগামী ১ ডিসেম্বর শুরু হচ্ছে এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। প্রতিযোগিতা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আসরে অংশ নিচ্ছে দেশের ৪৮টি গণমাধ্যম প্রতিষ্ঠানের দল। সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের এই আয়োজন ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ।