প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা থাকায় তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি রুপ নিয়েছে অঘোষিত ফাইনালে। এমন ম্যাচে আজ মঙ্গলবার মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। শেষ টি-২০ জিতে সিরিজ জয়ের লক্ষ্য দু’দলেরই। থিরুভানানথাপুরামে বাংলাদেশ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো ভারত। ঐ সিরিজেও শেষ ওয়ানডেটি ছিলো অঘোষিত ফাইনাল। কারন প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করেছিলো। তবে তৃতীয় ও শেষ ওয়ানডে ৬ রানে সিরিজ জিতেছিলো ভারত।
ওয়ানডের মত টি-২০ সিরিজেও জমজমাট লড়াই করেছে ভারত ও নিউজিল্যান্ড। সিরিজে প্রথম ম্যাচ ৫৩ রানে জিতেছিলো ভারত। এরপর কলিন মুনরোর সেঞ্চুরিতে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনে নিউজিল্যান্ড। ফলে তৃতীয় টি-২০ ম্যাচটি দু’দলের কাছেই ফাইনাল। এমনটা মনে করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এমন ফাইনাল ম্যাচ জিতে আবারো সিরিজ জয়ের কথা জানালেন কোহলি, ‘শেষ টি-২০ ম্যাচটি বলতে গেলে ফাইনালই। কারন সিরিজে ১-১ সমতা রয়েছে। তাই সিরিজের ফাইনাল ম্যাচটি জিততে চাই আমরা। যেভাবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি জিতেছিলাম। আগের ম্যাচে আমাদের বোলিং ও ফিল্ডিং ডুবিয়েছে। এরপর ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেনি। তবে আশা করছি, তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে আমরা তিন বিভাগেই ভালো পারফরমেন্স করতে পারবো। সিরিজ জয়ের জন্য আমাদের জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই। তাই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামবো।’
সিরিজ জয়ের ইচ্ছা পোষণ করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও। তিনি বলেন, ‘ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আমরা হেরেছিলাম। তাই সিরিজ জিততে পারিনি। টি-২০ ফরম্যাটে সিরিজ জয়ের সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ নষ্ট করতে চাই না। সিরিজ জিতে দেশে ফিরে যেতে চাই। তবেই ওয়ানডে সিরিজ হারের কষ্ট কমে যাবে। দ্বিতীয় ম্যাচের তিন বিভাগে ভালো পারফরমেন্স করতে পারলে জয় পাওয়া কঠিন কিছু হবে না। আমরা সর্বাত্মক চেষ্টা করবো জয়ের জন্য। সবাই সবার দায়িত্ব পালন করতে পারলে আমরা সফল হতে পারবো।’
নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত টি-২০ সিরিজ জিততে পারেনি ভারত। তাই এবার সেই বন্ধ্যাত্ব ঘোচানোর কাজটাও সাড়তে চান টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলি। তিনি বলেন, ‘এই সিরিজের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা ৫টি ম্যাচ খেলেছিলাম। কিন্তু কোন জয় পায়নি। দিল্লির জয়টি ছিলো কিউইদের বিপক্ষে আমাদের প্রথম জয়। এছাড়া কখনো সিরিজও জিততে পারিনি। আগে দু’টি সিরিজ হেরেছিলাম। কাল টি-২০ ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জিততে চাই আমরা।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সফরকারী হিসেবে ২০০৯ সালে দুই ম্যাচের সিরিজ এবং ২০১২ দেশের মাটিতে এক ম্যাচ সিরিজ খেলেছিলো ভারত। দু’টিই হেরেছিলো টিম ইন্ডিয়া।