এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, বাঙ্গালি জাতির জীবনে সবচেয়ে আলোকিত অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ।
মঙ্গলবার এফডিসি মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত ও সংগঠনের সভাপতি মোঃ মাহাবুবুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হোসনে আরা লুৎফা ডালিয়া এম.পি, মেজর জেনারেল (অবঃ) ইমামুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
মসিউর রহমান রাঙ্গাঁ আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, নিজস্ব জাতিসত্ত্বা, পবিত্র সংবিধান ও লাল-সবুজের পতাকা।
তিনি বলেন, একটা জাতির নিজস্ব সংস্কৃতি চর্চার অর্জনসমূহ প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে দিতে পারলে প্রজন্মের পর প্রজন্মের মাঝে নিজস্ব কৃষ্টি, সভ্যতা ও স্বকীয়তাকে চিরজাগরুক করতে পারে। সমাজে সত্য, সুন্দর, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর সহায়ক ভূমিকা অপরিহার্য। দেশ ও জাতিকে বেশি আলোকিত সাদামনের মানুষ উপহার দিতে হলে নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি এবং বিজ্ঞান চর্চায় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে।
পরে প্রতিমন্ত্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কৃতি ব্যক্তিদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।