একবার হলেও জয়বাংলা-জয়বঙ্গবন্ধু বলতে হবে, তা না হলে এদেশে থাকতে পারবে না বিরোধী দল (বিএনপি)। এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু জয় বাংলা লীগ আয়োজিত স্বাধীন রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদান- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মানকিন বলেন, লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূল উল্লাহ বলার কারণে মৃত্যুর পরও এক ব্যক্তির মুখ পচেনি। তাই বিরোধী দলকে বলবো একবার হলেও বঙ্গবন্ধু বলুক, জয়বাংলা বলুক- না হলে দেশে থাকতে পারবে না। তাদের বাংলাদেশ ছাড়তে হবে। এদেশ জয়বাংলা থাকবে, জিন্দাবাদ একদিন থাকবে না।
বঙ্গবন্ধুকে মূল বৃক্ষ বলে অভিহিত করে তিনি আরো বলেন, যারা জয়বাংলা বলতে পারে না, এখনও জিন্দাবাদের মধ্যে আছেন তাদের জন্য এটা দুর্ভাগ্য। অন্তত একবার জয় বাংলা বলুন। আজকে যারা জয়বাংলা বলে না তারা একদিন বাধ্য হবে। বলতে তাদের বাধ্য হতে হবে। তা না হলে এদেশ থাকতে পারবে না।’
মানকিন বলেন, আজকে যদি ধর্মের ভিত্তিতে দেশ চলতো তবে আমি মন্ত্রী হতে পারতাম না। এখানে আসতে পারতাম না। আপনারাও এখানে আসতে পারতেন না। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের জন্ম দিয়েছেন আর তার কন্যা শেখ হাসিনা দেশ গড়ছেন। যে কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বীকার করেছেন।
সংগঠনের সভাপতি মো. কায়সার-ই আলম প্রধানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো সুজাউল করিম চৌধুরী বাবুল প্রমুখ।