বিশ্বকাপের পর আবারো কলম্বিয়াকে হারালো ব্রাজিল। বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানীর কাছে শোচনীয় হারে বিদায় নিয়েছিল সেলেকাওরা। আর তারপরই বিদায় ঘণ্টা বাজে স্কলারীর। আবারো ব্রাজিল দলের দায়িত্ব পান কার্লোস দুঙ্গা। দ্বিতীয় বারের মতো দায়িত্ব নিয়ে জয় দিয়েই শুরু করলেন তিনি।
শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সানলাইফ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। সাড়ে ৭৩ হাজার দর্শকদের উপস্থিতিতে শুরু থেকেই প্রাণবন্ত হয়ে ওঠে ম্যাচটি। অসকার-নেইমারদের সঙ্গে রুদ্রিগেজ-ফ্যালকাওদের লড়াইটা বেশ উপভোগ করেছে দর্শকরা। দুলের আক্রমন পাল্টা আক্রমনে শেষ হয় প্রথমার্ধ।
এরপর দ্বিতীয়ার্ধে কিছুটা চাপ সৃষ্টি করে খেলে ব্রাজিল। খেলার ৪৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে কোয়াডরাডো মাঠের বাইরে চলে গেলে ১০ জনের দলে পরিণত হয় কলম্বিয়া।
সেই সুযোগে গোলের জন্য কলম্বিয়াকে চেপে ধরে ব্রাজিল। শেষ পর্যন্ত সফলতা আসে ৮৩ মিনিটে। নেইমারের অসাধারণ ফ্রি কিকের বল কলম্বিয়ার জালে জড়িয়ে গেলে উল্লাসে ফেটে পড়ে ব্রাজিল সমর্থকরা। বাকি সময়ে আর গোল শোধ করতে পারেনি কলম্বিয়া।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই নিজের দ্বিতীয় মিশন শুরু করে দুঙ্গা। আগামী ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের সঙ্গে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।