ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন। ফিরে এসে বার্সেলোনার দুটি ম্যাচেও মাঠে নামতে পারেননি। সেই ধাক্কা কাটিয়ে সবে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন রাফিনিয়া। এর মধ্যেই আবার জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আজ ঘোষণা করবেন পরবর্তী আন্তর্জাতিক বিরতির দল। আর সেই ঘোষণার আগে রাফিনিয়াকে নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির আশঙ্কা, শুধু দুটি প্রীতি ম্যাচের জন্য এত দীর্ঘ সফর আবারও ঝুঁকিতে ফেলতে পারে তাদের গুরুত্বপূর্ণ এই ফরোয়ার্ডকে।
আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে সিঙ্গাপুরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ১৪ নভেম্বর জাপান এবং ১৭ নভেম্বর স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে আনচেলত্তির দল। এই দুই ম্যাচের জন্য বৃহস্পতিবার স্পেনের স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে দল ঘোষণার কথা রয়েছে ইতালিয়ান কোচের।
দল ঘোষণার আগে বার্সেলোনার মূল উদ্বেগ রাফিনিয়াকে ঘিরে। কারণ, আগের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে গিয়েই চোট পেয়েছিলেন তিনি।
সেপ্টেম্বরের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করেছিলেন রাফিনিয়া। কিন্তু বিরতির পর আর মাঠে নামেননি। পরে পরীক্ষা করে তার ডান ঊরুর পেছনের মাংসপেশিতে সামান্য ফোলা ভাব ধরা পড়ে।
পরদিনই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে জাতীয় দল থেকে ছেড়ে দেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ফলে ভারতের বিপক্ষে পরের প্রীতি ম্যাচে আর খেলেননি বার্সেলোনার এই ফরোয়ার্ড।
চোট গুরুতর মনে না হলেও বার্সেলোনায় ফিরে দুটি ম্যাচ মিস করতে হয় রাফিনিয়াকে। গেতাফে ও গালাতাসারাইয়ের বিপক্ষে তাকে ছাড়াই খেলেছে হান্সি ফ্লিকের দল।
এরপর রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের শেষ ২০ মিনিটে মাঠে ফিরে আসেন রাফিনিয়া। পরের দুই ম্যাচে পিএসজি ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে শুরুর একাদশেও জায়গা পান। তবে মাত্র তিন ম্যাচ আগে চোট কাটিয়ে ফেরা এই ফুটবলারকে নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না বার্সেলোনা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর খবর, ক্যাম্প ন্যুতে মনে করা হচ্ছে, পুরোপুরি ছন্দে ফেরার আগেই রাফিনিয়াকে আবার এত দীর্ঘ সফরে পাঠানো ঠিক হবে না। বিশেষ করে ম্যাচ দুটি যখন নিছক প্রীতি ম্যাচ।
বার্সেলোনার উদ্বেগের পেছনে অবশ্য শুধু সাম্প্রতিক চোট নয়, রয়েছে রাফিনিয়ার আগের মৌসুমের অভিজ্ঞতাও।
গত মৌসুমে চার দফায় চোটের কারণে বাধাগ্রস্ত হয়েছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পথচলা। এর মধ্যে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে একটি চোট পেয়েছিলেন গত মার্চের শেষ দিকে, সেটিও ব্রাজিলের হয়ে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে। তখন চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ সময় পার করছিল বার্সেলোনা।
একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি তাই চাইছে না কাতালান ক্লাবটি।
অবশ্য আনচেলত্তির সামনে বিষয়টি অন্য রকম। জাতীয় দলে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এবং নতুন ফুটবলারদের পরখ করে দেখতে আসন্ন প্রীতি ম্যাচ দুটি কাজে লাগাতে চান ব্রাজিল কোচ। তার পরিকল্পনায় রাফিনিয়ার মতো অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ ফুটবলারের জায়গা কতটা থাকবে, সেটিই দেখার বিষয়।
তবে বার্সেলোনার আশা, দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফরোয়ার্ডের সাম্প্রতিক চোট ও শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নেবেন আনচেলত্তি।