দেশের চামড়া শিল্পের টেকসই উন্নয়ন, দক্ষ জনবল তৈরি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পসংশ্লিষ্ট সব বাণিজ্য সংগঠনের (ট্রেড বডি) মধ্যে সমন্বয় গড়ে তোলার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ (এলএফবি)। এ শিল্পের সংকট নিরসন এবং টেকসই উন্নয়নে ১৩ দফা কৌশলগত প্রস্তাবনা দিয়েছে নবগঠিত লেদার ফাউন্ডেশন।
এর মধ্যে ক্ষতিগ্রস্ত ও বন্ধ কারখানা চালুর জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন, স্বতন্ত্র চামড়া মন্ত্রণালয় বা শক্তিশালী লেদার বোর্ড প্রতিষ্ঠা এবং নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার প্রস্তাব রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে অলাভজনক জাতীয় শিল্প-উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এলএফবি। এ সময় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চামড়া শিল্পের উন্নয়নে সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) আধুনিকায়নের পাশাপাশি নতুন দুটি সিইটিপি নির্মাণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। এ ছাড়া দেশে এক থেকে দুটি বিশেষায়িত লেদার গুডস ও ফুটওয়্যার শিল্পপার্ক এবং চার থেকে পাঁচটি নতুন চামড়া শিল্পাঞ্চল স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে—পূর্ণাঙ্গ লেদার-ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সারা দেশে ১০ থেকে ১৫টি সরকারি কাঁচা চামড়া সংরক্ষণ হাব ও কোল্ড স্টোরেজ নির্মাণ এবং সরকারি বিভিন্ন বাহিনীর জুতা ও আনুষঙ্গিক পণ্যে দেশীয় চামড়া ও পাটের ব্যবহার বাধ্যতামূলক করা।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, চামড়া শিল্পের পরিবেশগত উন্নয়নে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার গুরুত্বপূর্ণ হলেও এটিই সব সমস্যার একমাত্র সমাধান নয়। ইটিপিই যদি একমাত্র সমাধান হতো, তাহলে খুলনার সুপার এক্স লেদারের মতো প্রতিষ্ঠান সংকটে পড়ত না।
চামড়া শিল্পকে বাস্তবে টিকিয়ে রাখা উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে রাসায়নিক সরবরাহ, আমদানি-রপ্তানিসহ ব্যবসায়িক কার্যক্রমে কার্যকর সরকারি সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব এম মুফাজ্জল ইবনে মাহফুজ সংগঠনের রূপকল্প, অভিলক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, শিল্পের সব খাত, বাণিজ্য সংগঠন, উদ্যোক্তা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলাই এলএফবির অন্যতম লক্ষ্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং নীতিগত সহায়তা আদায়ে সংগঠনটি পরিকল্পিতভাবে কাজ করবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম মহাসচিব প্রকৌশলী এ ফাত্তাহ আল মঞ্জুর আসিফ। তিনি বলেন, দেশে নিজস্ব কাঁচামাল ও কর্মঠ জনশক্তি থাকা সত্ত্বেও দক্ষ মধ্যম সারির জনবলের অভাব, আধুনিক প্রযুক্তির ঘাটতি এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের জটিলতায় বিশ্ববাজারে কাঙ্ক্ষিত হিস্যা পাওয়া যাচ্ছে না।
তিনি জানান, সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০-এর অধীনে নিবন্ধিত এলএফবি ছয়টি স্থায়ী প্রোগ্রাম উইংয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে। এগুলো হলো—এলএফবি ইনস্টিটিউট, গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র, নীতি ও অ্যাডভোকেসি কাউন্সিল, শিল্প পরামর্শক সেবা, এসএমই ও উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক কল্যাণ ও টেকসই উন্নয়ন ফাউন্ডেশন।
প্রথম বছরের কর্মপরিকল্পনায় এক হাজার কর্মীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া, ৩০টি কারখানাকে মডেল গ্রিন ফ্যাক্টরিতে রূপান্তর এবং শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষা সহায়তা বৃত্তি চালুর ঘোষণা দেওয়া হয়।
বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে স্থানীয় শিল্পের সংযোগ বাড়াতে বিভিন্ন বিদেশি সংস্থা ও প্রতিনিধিদের সঙ্গে সহযোগিতার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান ইঞ্জিনিয়ার এ ফাত্তাহ আল মঞ্জুর আসিফ।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান চামড়া ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণপ্রাপ্তি এবং ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দেন।
সহসভাপতি মাওলানা মাহবুবুল হক বলেন, কওমি মাদ্রাসাসহ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কোরবানির চামড়া সংগ্রহ ও বিক্রির গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শুধু লবণ প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ না থেকে চামড়া সংরক্ষণ ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণে কারিগরি প্রশিক্ষণ চালুর আহ্বান জানান তিনি। এ জন্য শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক দল, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিল্পসংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.