1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
৫৯০ কোটি ডলারের সম্পদের একটি ব্যাংক নিয়ন্ত্রণে নিল যুক্তরাষ্ট্র সিলেটে এমপি এম এ মালিকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, মাঠে রয়েছে বিএনপি-জামায়াত-এনসিপিও বটতলার নতুন নাটক ‘সখী রঙ্গমালা’ বৃথা গেল শাহাদতের দুর্দান্ত সেঞ্চুরি, ফাইনালে পাকিস্তান বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার, কমে আসতে পারে ব্যান্ডউইথ ব্যয় ‘রিজিওনাল এয়ার হাব’ করতে এডিবির সহায়তা চায় সরকার ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ঢাকার সাত স্থানে ককটেল বিস্ফোরণ: আহত অটোরিকশা চালক, আটক ১

‘রিজিওনাল এয়ার হাব’ করতে এডিবির সহায়তা চায় সরকার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে রিজিওনাল এয়ার হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। বিমানবন্দরটির উন্নয়নে ইতোমধ্যে এডিবির কাছে ৩০০ মিলিয়ন ডলার সহায়তা চেয়েছে বাংলাদেশ। প্রকল্পটিকে ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করার অনুরোধও জানানো হয়েছে চিঠিতে। মেগা এই প্রকল্প তিনটি আলাদা ভাগে ভাগ করে বাস্তবায়নের পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। এটি বাস্তবায়ন হলে ২০৭০ সালের মধ্যে বছরে এক কোটি যাত্রী পরিবহনের সক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সূত্র জানায়, ১৯৯০ সালে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। কিন্তু গত ৩৬ বছরে বড় কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়নি দেশের দ্বিতীয় বৃহত্তম ও ব্যস্ততম বিমানবন্দরটিতে। বড় অগ্রগতি বলতে রানওয়ের সক্ষমতা ৬৪ পিসিএন থেকে বাড়িয়ে ৯০ পিসিএন এবং দুটি বোর্ডিং ব্রিজ তৈরি করা হয়েছে। পিসিএন (পেভমেন্ট ক্ল্যাসিফিকেশন নম্বর) হলো বিমানবন্দরের রানওয়ের ভারবহন ক্ষমতার একটি আন্তর্জাতিক মানদণ্ড। বাকি সবকিছুই রয়েছে আগের মতো। কিন্তু ফ্লাইট ওঠানামা ও যাত্রী পরিবহন উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ২০১৫-১৬ অর্থবছরে ১১ লাখ যাত্রী আসা-যাওয়া করেছেন এই বিমানবন্দর ব্যবহার করে। ১০ বছর পর এসে যাত্রীসংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে বছরে ২০ হাজার ফ্লাইট ওঠানামা করে।

চট্টগ্রাম অ্যাভিয়েশন ক্লাবের প্রেসিডেন্ট আসিফ চৌধুরী জানান, বিমানবন্দরকে আধুনিকায়ন করার সরকারের যে পরিকল্পনা, সেটা সময়োপযোগী। কারণ, এখানে অনেক সংকট রয়েছে। বোর্ডিং ব্রিজ বাড়াতে হবে। কনভেয়ার বেল্ট পর্যাপ্ত নয়, চেকিং পোস্টে ভিড় লেগেই থাকে। বাণিজ্যিক রাজধানী বলা হলেও এখান থেকে কোনো কার্গো ফ্লাইট পরিচালিত হয় না। অনেকে বলেন এই বিমানবন্দরের এখন যে সক্ষমতা আছে, তাও ব্যবহার হয় না। রাত ১২টার পর কোনো ফ্লাইট ওঠানামা করে না। ব্যবহার বাড়াতে আধুনিকায়ন করতে হবে।

তিনি বলেন, সরকার কিছু উদ্যোগ নিলে রাতারাতি বিমানবন্দরের ব্যবহার বাড়ানো সম্ভব। এই বিমানবন্দরকে ফুয়েলিং হাব হিসেবে ঘোষণা করতে পারে সরকার। ক্যাটারিং সুবিধাও যোগ করা যেতে পারে। এটি হলে পূর্ব ও পশ্চিমমুখী সবকটি বিমান ভায়া হিসেবে হলেও চট্টগ্রাম বিমানবন্দরকে ব্যবহার করবে। এতে যাত্রীসেবা ও ব্যবহার দুই-ই বৃদ্ধি পাবে।

বে টার্মিনাল, মাতারবাড়ী বন্দর, মিরসরাই ইকোনমিক ও আনোয়ারা ইকোনমিক জোনসহ চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত অর্থনৈতিক হাব তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন করা হলে চাপ বাড়বে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, বিমানবন্দরের বর্তমান অবকাঠামো যাত্রীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। এই বাস্তবতায় বিমানবন্দরটি ঘিরে দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান করা হচ্ছে, যা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মূলত এই মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করতেই এডিবির সহায়তা চেয়েছে সরকার। প্রাথমিকভাবে তিন ভাগে ভাগ করে মাস্টারপ্ল্যান বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যার প্রথম অংশ শুরু হবে ২০৩০ সালে। এই পর্যায়ে টার্মিনালের সক্ষমতা বাড়ানো হবে। আন্তর্জাতিক আর ডোমেস্টিক টার্মিনাল আলাদা করা হবে। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে ২০৪০ সালে আর শেষ পর্যায়ের উন্নয়নকাজ হবে ২০৭০ সালে।

একই সঙ্গে প্রকল্পটিকে সরকার অনুমোদিত হিসাবে ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত করতে আরো একটি চিঠি দেওয়া হয়েছে। মাত্র ১৮ মাসের কুইক উইন প্রকল্প হিসেবে বিমানবন্দরে ওয়াইড-বডি যাত্রীবাহী এবং কার্গো ফ্লাইটের পরিসর যেমন বাড়ানো হবে, তেমনি বিমানের দ্রুত ও দক্ষ টার্ন অ্যারাউন্ড ব্যবস্থা থাকবে। তিনটি পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন হলে এখানে নতুন এয়ারলাইনস যেমন আসবে, তেমনি তৈরি হবে হোটেল, কনভেনশন সেন্টার এবং বাণিজ্যিক স্থাপনা।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর হোসেন জানান, দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে এই বিমানবন্দরের আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। মাস্টারপ্ল্যানটি বাস্তবায়ন হলে বিমানবন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে। টার্মিনাল, বোর্ডিং ব্রিজ, পার্কিং এরিয়ার সম্প্রসারণ, কার্গো টার্মিনাল বৃদ্ধির পাশাপাশি সবচেয়ে বড় যে বিষয় যুক্ত হবে, তা হলো প্যারালাল ট্যাক্সি ট্র্যাক তৈরি। বর্তমানে একটি এয়ারক্রাফট উড্ডয়নের সময় রানওয়ের পজিশন নিতে পাঁচ-সাত মিনিট অপেক্ষা করতে হয়। এই প্যারালাল ট্যাক্সি ট্র্যাক তৈরি হলে এই সময় সাশ্রয় হবে। এতে এয়ারক্রাফটের জ্বালানি বাঁচবে, যাত্রার সময়ও কমবে। পুরোপুরি বাস্তবায়ন হলে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

তবে এক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো বর্তমানে শুধু মধ্যপ্রাচ্যের কয়েকটি রুটে চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট পরিচালিত হয়। অবধারিতভাবে আন্তর্জাতিক রুট বৃদ্ধি করতে হবে। সম্প্রতি সিকিউরিটি অডিট হয়েছে। আশা করছি, শুরু থেকেই অন্তত ৭৫ মার্ক থেকে আমরা শুরু করতে পারব। এতে উন্নত বিশ্বের বিভিন্ন রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার প্রতিবন্ধকতা দূর হবে।

তিনি আরো জানান, চট্টগ্রাম বাণিজ্যিক কেন্দ্র হলেও সবগুলো প্রতিষ্ঠানের ঢাকাকেন্দ্রিক লিয়াজোঁ অফিস আছে। তাই বিদেশিরা সরাসরি চট্টগ্রামে না এসে ঢাকায় যোগাযোগ বাড়াচ্ছেন। এ ব্যবস্থার পরিবর্তন আসতে হবে। তবে আশার কথা হলো, সম্প্রতি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা ঘিরে যে বাণিজ্যিক হাব তৈরি হচ্ছে, তাতে এ অবস্থার পরিবর্তন অবশ্যম্ভাবী।

চট্টগ্রামকে রিজিওনাল এয়ার হাব হিসেবে গড়ে তুলতে সরকারের ঘোষণাকে আশার আলো হিসেবে দেখছেন এ খাতের ব্যবসায়ীরা। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের চেয়ারম্যান এসএম আবু তৈয়ব জানান, আমাদের রপ্তানি ইউরোপ, আমেরিকা, যুক্তরাজ্যকেন্দ্রিক। আর আমদানির বড় অংশই আসে চীন, জাপান প্রভৃতি দেশ থেকে। কিন্তু চট্টগ্রামের সঙ্গে বর্তমানে সরাসরি ফ্লাইট আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর। আমরা বায়ারদের সঙ্গে কন্ট্রাক্ট করতে চাইলে ঢাকা হয়ে যেতে হয়। আবার বায়াররা আমাদের সঙ্গে যোগাযোগ করতে আসতে চাইলে ঢাকা হয়ে আসতে হয়। বাধ্য হয়ে বড় প্রতিষ্ঠানগুলোকে ঢাকাকেন্দ্রিক আরেকটি অফিস খুলতে হয়। চট্টগ্রাম থেকে যখন সরাসরি এসব রুটে বিমান চলাচল শুরু হবে, তখন বাড়তি খরচ ও সময়ের বোঝা আমাদের মাথার ওপর থেকে নেমে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ