রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির একটি বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। প্রথম দিনের হামলায় আগুন ধরাতে ব্যর্থ হওয়ার পরের রাতেই ফের হামলা চালায় দুর্বৃত্তরা। এদিন পেট্রলবোমা হামলার পাশাপাশি কয়েকটি গুলিও ছোড়া হয়।
৩৩ কেভির এই বিদ্যুৎ উপকেন্দ্রটি রাজশাহীর খড়খড়ি এলাকায় অবস্থিত। বৃহস্পতি ও শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা এই উপকেন্দ্রে হামলা চালায়। পরপর দুই রাতের এমন হামলায় পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতে দায়িত্ব পালনকারী কর্মীরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে পেট্রলবোমা ছোড়া হলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল ফের হামলা চালায়। তারা কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে ট্রান্সফরমার লক্ষ্য করে। পাশাপাশি তিনটি গুলি ছোড়ে। একটি পেট্রলবোমা বিস্ফোরিত হয়ে ট্রান্সফরমারে আগুন ধরে যায়।
এ ছাড়া ট্রান্সফরমারের পাশে আরও দুটি পেট্রলবোমা এবং একটি ককটেল বিস্ফোরিত হয়। আর চারটি পেট্রলবোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির বলেন, ‘পরপর দুই রাতের হামলায় কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা আছে। হামলাকারীদের মুখ বাঁধা ছিল। তারা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরানোর চেষ্টা করে। পরে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান।’
মনির বলেন, ‘পরপর দুই দিন এমন পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমরা এখন নিরাপদ বোধ করছি না। এভাবে দায়িত্ব পালন করতে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, ‘আগের রাতের হামলার পর থানায় এজাহার দেওয়া হয়। পাশাপাশি নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়। প্রথম দিন দুজন কর্মী দায়িত্বে থাকলেও পরদিন চারজনকে রাখা হয়েছিল। এরপরও রাতে আবার হামলার ঘটনা ঘটে।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘প্রথম দিন পেট্রলবোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। দ্বিতীয় দিন একটি পেট্রলবোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় মামলা হবে।’