1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
রোজার আগেই আরেক দফা বেড়ে গেল সয়াবিন তেলের দাম শীতার্তদের জন্য ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মামলা জট, আটকে পৌনে ২ লাখ কোটি টাকা আগামী ২৯ ডিসেম্বর বিসিক শিল্পমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জ সীমান্তে নাইট ভিশন ও থার্মাল ড্রোনে বিজিবির নজরদারি জোরদার কুষ্টিয়া জেলা কারাগারের ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, নিরাপত্তা জোরদার সাভারে শিক্ষকের গলা চেপে ধরার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে পদত্যাগ করা সেই বিএনপি নেতা গ্রেপ্তার আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে আলাদা সেল গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ডলারসহ বৈদেশিক মুদ্রা বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ

আগামী ২৯ ডিসেম্বর বিসিক শিল্পমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

দেশীয় পণ্যের পরিচিতি বৃদ্ধি, স্থানীয় উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ এবং ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্পের বিকাশে আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিসিক শিল্পমেলা।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত ‘বিসিক শিল্পমেলা এক জেলা এক পণ্য ২০২৬’ শীর্ষক এই আয়োজন বসবে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। একই আয়োজনে দেওয়া হবে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তেজগাঁওয়ের বিসিক কার্যালয়ে এক অনুষ্ঠানে মেলার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বেনজীর আহমেদ।

বিসিক জানায়, মেলায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনদিন ব্যাপী মেলায় দেড় থেকে দুই লাখ দর্শনার্থীদের সমাগম ঘটবে বলে আশা আয়োজকদের।

‘দেশ থেকে বিশ্বে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ মেলায় দেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য ৬৪টি স্টল থাকবে। পাশাপাশি ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের পৃথক কর্নার, ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের প্রদর্শনী এবং হস্ত ও কারুশিল্প তৈরির সরাসরি কার্যক্রম দেখার সুযোগ থাকবে।

বিসিক চেয়ারম্যান বলেন, এ আয়োজনকে শুধু একটি শিল্পমেলা বা পুরস্কার প্রদান অনুষ্ঠান হিসেবে দেখতে চায় না বিসিক। বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প, দেশীয় পণ্য, স্থানীয় উদ্যোক্তা ও কারুশিল্পীদের সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সমন্বিত উদ্যোগ হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগ বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে ‘এক জেলা এক পণ্য’ শিল্পমেলার আয়োজন করা হচ্ছে। বাংলাদেশের প্রতিটি জেলার নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, উৎপাদন সক্ষমতা ও বিশেষায়িত পণ্য রয়েছে। জামদানি, তাঁত, নকশিকাঁথা, মৃৎশিল্প, বাঁশ-বেতের সামগ্রী, পাটজাত পণ্যসহ বিভিন্ন কৃষি ও খাদ্যভিত্তিক পণ্যের অনেকগুলোরই জাতীয় ও আন্তর্জাতিক বাজারে কাঙ্ক্ষিত পরিচিতি তৈরি হয়নি।

এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, বিসিক জেলাভিত্তিক মেলা করে এবং এখন বিসিকের একটি ক্যালেন্ডারও আছে। প্রতি মাসেও বিসিক ভবনে মেলা হয়। কিন্তু এত বৃহৎ পরিসরে এবং নির্বাচনি ইশতেহারের সঙ্গে অ্যালাইনমেন্ট করে বিসিক এই প্রথম এই মেলার আয়োজন করছে।

তিনি আরও বলেন, পাঁচটি ক্যাটাগরিতে ১২ জনকে জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬ দেওয়া হবে। সেগুলো হলো শ্রেষ্ঠ কারুশিল্পী— কারু রত্ন একটি। দক্ষ কারুশিল্পী— কারু গৌরব পাঁচটি। ক্ষুদ্র ও নৃগোষ্ঠী দক্ষ কারুশিল্পী— কারু কিরণ দুইটি। দক্ষ নারী কারুশিল্পী— কারু জ্যোতি দুইটি। তরুণ দক্ষ কারুশিল্পী— কারু প্রতিভা দুইটি। মোট ১২ জন।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্প সংরক্ষণ, বিকাশ এবং কারুশিল্পীদের সৃজনশীলতা, দক্ষতা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। এ পুরস্কার দেওয়া হবে জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার নীতিমালা, ২০২৬-এর আলোকে।

বিসিকের পক্ষ থেকে বলা হয়, মাটির সামগ্রী, নকশিকাঁথা, জামদানি, তাঁত, বাঁশ-বেত, পাটজাত পণ্য, কাঠ ও ধাতুর কারুশিল্পসহ বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে অসংখ্য কারুশিল্পীর শ্রম ও সৃজনশীলতা জড়িয়ে রয়েছে। তাদের দক্ষতা ও অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে কারুশিল্পের সঙ্গে সম্পৃক্ত করতে এ পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে মেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানসংক্রান্ত তথ্য সহজে সবার কাছে পৌঁছে দিতে সংবাদ সম্মেলনে একটি বিশেষ ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। এতে আয়োজনের উদ্দেশ্য, কর্মসূচি, অংশগ্রহণের বিবরণ, বিভিন্ন ঘোষণা ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

মেলায় অংশগ্রহণ করতে উদ্যোক্তাকে কোনো ফি দিতে হবে না বলে জানিয়েছেন বেনজীর আহমেদ। তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা। এই জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্টল পাবেন উদ্যোক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ