সুনামগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৮ বিজিবি)। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ব্যবহার করছে বাহিনীটি। পাশাপাশি নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় নৌযান ও বিশেষ যানবাহনের মাধ্যমে টহল পরিচালনা করা হচ্ছে।
আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করছে। সেই সঙ্গে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি রাতের টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।