নগদ ডলার বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় হার বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক নির্ধারিত বিসি সেলিং রেটের বেশি বিনিময় হার নিতে পারবে না। নগদ বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে সাধারণত টিটি ক্লিন, টিটি ডকুমেন্ট ও ওডি সাইট বিনিময় হার ব্যবহার করা হয়। অন্যদিকে বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে সাধারণত বিসি বিনিময় হার অনুসরণ করা হয়।
এ অবস্থায় নগদ বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির সর্বোচ্চ বিনিময় হার হিসেবে বিসি সেলিং রেট নির্ধারণ করা হয়েছে।
অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোতে এ নির্দেশনার যথাযথ পরিপালন নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.