ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সরফরাজ ইসলাম হৃদয় নামে এক আইনজীবীসহ অনেকে আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত আইনজীবীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ (এসআই) মোরশেদ আলম ককটেল বিস্ফোরণের তথ্য নিশ্চিত করে বলেন, সেখানকার আইনজীবী ও স্থানীয়রা রাজীব বোস নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমরা তাকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেই। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
ককটেল বিস্ফোরণের পর ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন। ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা বলেন, স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদেরকে প্রতিহত করতে সদা প্রস্তুত।
এর আগে গত গেল ৯ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে দুজনকে ধরে পুলিশে দেয় জনতা। সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান পরদিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধীসহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। পরে আরও কয়েকজনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়।