মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্যসচিব ইয়াজ্জেম হোসেন রোমানের ওপর হামলা, মারধর ও গুলি ছোড়ার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন দলটির নেতাকর্মীরা। হামলার ঘটনায় অভিযুক্তদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে এ সময় থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
বুধবার বিকেলে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এনসিপি, জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিকভাবে দমন ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ইয়াজ্জেম হোসেন রোমানের ওপর হামলা করা হয়েছে। একজন রাজনৈতিক নেতার ওপর হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
এ সময় বক্তব্য দেন এনসিপি মাদারীপুর জেলা শাখার প্রচার সম্পাদক ইকতিয়ার আহম্মেদ, যুগ্ম সদস্যসচিব লায়ন আহমেদ আলমগীর, জাতীয় যুবশক্তি মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক রিশাদ রাব্বি, মাদারীপুর সদর উপজেলা এনসিপির আহ্বায়ক শাহারিয়ার মনির ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির মাহামুদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি মাদারীপুর সদর উপজেলা শাখার আহ্বায়ক মইনুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির মাদারীপুর জেলা শাখার নেতা বিপ্লব হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে শিবচর উপজেলার মুন্সীর বাজারের কাছে ঢাকা-নাওডোবা জাতীয় মহাসড়কের পাশে ইয়াজ্জেম হোসেন রোমানের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় ২১ নভেম্বর শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দেন তিনি।
লিখিত অভিযোগে রোমান দাবি করেন, শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানা, আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরী চাচাতো ভাই তাপু চৌধুরী এবং শিবচর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইদুর ব্যাপারীসহ ২৫ থেকে ৩০ জন তাঁর ওপর অতর্কিত হামলা করেন। একপর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, তাপু চৌধুরী পিস্তল দিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে তিনি সরে যাওয়ায় গুলি তাঁর শরীরে লাগেনি। পরে হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় ২১ নভেম্বর মাদারীপুর জেলা এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হামলার বিচার ও দ্রুত মামলা গ্রহণের দাবি জানিয়েছিল দলটি।