বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে ২১১ একিউআই স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ বা তাৎক্ষণিক সূচক থেকে এই তথ্য পাওয়া গেছে।
তালিকায় ২৭৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে থাকা আফগানিস্তানের কাবুলের স্কোর ২৫৫ এবং ২২৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। এ ছাড়া ২০৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে মঙ্গোলিয়ার উলানবাটোর এবং ২০৭ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরগুলোর বাতাসের মানও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।