1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল কেড়ে নেওয়া শিরোপা ফিরে পেল সেনেগাল সাড়ে ৬ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া ১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার কৌশল নেবে বাংলাদেশ? কতটা সুশাসন ফিরবে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনে? সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ: অর্থ মন্ত্রী খুলনায় এক দিনে ৪ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা নিহত অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন, যা জানা গেল ফাওয়াদ-মাহিরা-হানিয়াসহ সব তারকা একসঙ্গে, ডিসেম্বরে ঝড় তুলবে যে সিরিজ

৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট নিয়ে ইন্দোনেশিয়ায় আটক জাহাজের কোনো তথ্য নেই মোংলায়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর হাতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটসহ আটক হওয়া কমোরসের পতাকাবাহী জাহাজটির বাংলাদেশে আসার কোনো তথ্য নেই মোংলা কাস্টমস হাউজের কাছে। যদিও আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন ওয়েবসাইটে জাহাজটির গন্তব্য হিসেবে মোংলা সমুদ্রবন্দরের নাম দেখানো হয়েছে।

সোডিয়াম পারক্লোরেট এমন একটি রাসায়নিক পদার্থ, যা অক্সিজেন সরবরাহ করে অন্যান্য বস্তুকে দ্রুত জ্বলতে সাহায্য করে। এটি বিস্ফোরক দ্রব্য এবং রকেট ও ক্ষেপণাস্ত্রের জ্বালানি (প্রপেল্যান্ট) তৈরিতে ব্যবহৃত হয়।

মোংলা কাস্টম হাউজের কমিশনার মো. গিয়াস কামাল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জাহাজটি সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। এনবিআরের সার্ভারেও এর কোনো ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট (আইজিএম) দাখিল করা হয়নি। ফলে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কে, তা-ও আমরা নিশ্চিত নই।’

ইন্দোনেশিয়ার নৌবাহিনী গত ২০ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কমোরসের পতাকাবাহী এমভি স্টার লাইন জাহাজটি গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলে আটক করা হয়। জাহাজটির সন্দেহজনক গতিবিধি শনাক্ত করার পর রেডিও যোগাযোগের মাধ্যমে সাড়া না পেয়ে সেটিকে আটক করা হয়েছে।

জাহাজটির ৩৬টি কনটেইনার তল্লাশি করে ১৫টিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়। এ ছাড়া, ৫৪টি প্যালেটে কয়েক লাখ খালি ৪জি এলটিই সিম কার্ড পাওয়া যায়।

তল্লাশিতে দেখা যায়, জাহাজটির নিবন্ধনের বৈধতা স্থগিত ছিল। এর পরিবহনসংক্রান্ত নথিপত্রও জাল হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

পরে তদন্তের জন্য জাহাজটিকে কোডারেল-১ নৌঘাঁটিতে নেওয়া হয়। তদন্তে কাস্টমস, পুলিশ ও অভিবাসন কর্তৃপক্ষও যুক্ত হয়েছে।

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জাহাজের নাবিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি তারা পণ্য তালিকায় অসংগতি এবং জব্দ করা পণ্যের আসল প্রাপক কারা, সে বিষয়ে তদন্ত করছে। তবে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান, পণ্যের মালিক কিংবা চালানটির সঙ্গে জড়িতদের পরিচয় এখনো প্রকাশ করেনি দেশটির নৌবাহিনী।

গন্তব্য হিসেবে মোংলার নাম দেখানো হলেও কাস্টমসের কাছে কোনো তথ্য না থাকায় প্রশ্ন উঠেছে, এমভি স্টার লাইন আসলেই পণ্য নিয়ে বাংলাদেশে আসার কথা ছিল কি না।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাম বা জাহাজটির নির্ধারিত গন্তব্যের কথা উল্লেখ করা হয়নি। তবে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, জাহাজটির গন্তব্য ছিল বাংলাদেশ।

এসব প্রতিবেদনের অধিকাংশেই আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভেসেলফাইন্ডার ও মেরিনট্রাফিকের তথ্য উদ্ধৃত করা হয়েছে। ওই দুটি ওয়েবসাইটে জাহাজটির গন্তব্য হিসেবে মোংলা বন্দরের নাম দেখানো হয়।

ভেসেলফাইন্ডারে জাহাজটির মোংলায় পৌঁছানোর সম্ভাব্য সময় দেখানো হয়েছিল ৮ নভেম্বর দুপুর ১২টা। ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর থেকে জাহাজটি ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল।

তবে বাংলাদেশ কাস্টমসের তথ্য অনুযায়ী, জাহাজটির জন্য মোংলা বা চট্টগ্রাম—কোনো বন্দরের কাস্টমসেই আইজিএম দাখিল করা হয়নি। জাহাজটির পক্ষে কোনো শিপিং এজেন্টও বন্দরে প্রবেশের জন্য বাধ্যতামূলক এই ঘোষণা জমা দেয়নি।

আইজিএমে জাহাজের পণ্যবাহী চালানের বিস্তারিত তথ্য থাকে। বাংলাদেশ কাস্টমস আইন অনুযায়ী, জাহাজের শেষ বন্দর থেকে যাত্রা শুরুর ২৪ ঘণ্টার মধ্যে গন্তব্য দেশের কাস্টমস কর্তৃপক্ষের কাছে এ ঘোষণা দাখিল করতে হয়।

এনবিআর সূত্র জানায়, জাহাজটি বাংলাদেশে আসার কথা থাকলে এর স্থানীয় শিপিং এজেন্টের নির্ধারিত সময়ের মধ্যে এনবিআরের সার্ভারে আইজিএম দাখিল করার বাধ্যবাধকতা ছিল।

বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) সাবেক সহসভাপতি খায়রুল আলম সুজন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আইজিএম দাখিল না হওয়া মানেই এই নয় যে, জাহাজটির বাংলাদেশে আসার কোনো উদ্দেশ্যই ছিল না। তবে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটে দেখানো গন্তব্য যে সঠিক, তাও বলা যাবে না।’

তিনি বলেন, ‘জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলো জাহাজের মালিক বা পরিচালনাকারী প্রতিষ্ঠানের দেওয়া তথ্য প্রকাশ করে। এসব তথ্য যাচাই করার মতো শক্তিশালী প্রমাণ তাদের কাছে সবসময় থাকে না।’

তিনি আরও বলেন, ‘জাহাজটির প্রকৃত গন্তব্য এবং পণ্যের ধরন নিশ্চিত হওয়া যায় আইজিএম দাখিলের পর। এর আগে এসব তথ্য জাহাজের মালিক, প্রধান এজেন্ট, পরিচালনাকারী প্রতিষ্ঠান ও জাহাজ পরিচালনার দায়িত্বে নিয়োজিত স্থানীয় এজেন্টের কাছেই থাকে।’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০১০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ২২ নভেম্বর পর্যন্ত ২০ জন আমদানিকারক ৫০টি চালানে মোট ৬৮৫ কেজি সোডিয়াম পারক্লোরেট আমদানি করেছেন। অর্থাৎ, ইন্দোনেশিয়ায় আটক হওয়া ৪০৫ টনের চালানটি বাংলাদেশে গত ১৬ বছর ১০ মাসে আমদানি হওয়া মোট পরিমাণের প্রায় ৫৯১ গুণ।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশে আমদানি হওয়া এসব চালানের অধিকাংশ পণ্যের পরিমাণ ছিল ১৫ কেজির কম। ৫০টি চালানের মধ্যে ৩০টিতে আমদানির পরিমাণ ছিল দুই কেজি বা তার কম। কোনো কোনো চালানে এক কেজিরও কম আমদানি হয়েছে।

সবচেয়ে বড় চালান দুটি ছিল ৯৯ কেজি করে। ২০২২ ও ২০২৪ সালে একজন বাণিজ্যিক আমদানিকারক চট্টগ্রাম বন্দর দিয়ে এসব পণ্য আমদানি করেন।

তথ্য অনুযায়ী, আমদানিকারকদের সিংহভাগই ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এতে বোঝা যায়, বাংলাদেশে বিশেষায়িত ওষুধশিল্প ও অন্যান্য শিল্পে সীমিত পরিসরে রাসায়নিকটি ব্যবহার করা হয়।

চীন থেকে ইন্দোনেশিয়ায় জাহাজটির যাত্রাপথ নিয়েও প্রশ্ন উঠেছে।

মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, এমভি স্টার লাইন ২০২৬ সালের ১২ সেপ্টেম্বর সকাল ৬টা ১২ মিনিটে (ইউটিসি+৮) চীনের লিয়ানইউনগাং বন্দর ছেড়ে যায়। পরে ১০ নভেম্বর রাত ৯টায় (ইউটিসি+৭) উত্তর সুমাত্রার বেলাওয়ান বন্দরে পৌঁছায়।

দুই বন্দরের মধ্যে সমুদ্রপথের দূরত্ব প্রায় ২ হাজার ৮০০ নটিক্যাল মাইল। আবহাওয়া ও গতির ওপর নির্ভর করে একটি কার্গো জাহাজের এই দূরত্ব পাড়ি দিতে সাধারণত প্রায় ১৭ দিন লাগার কথা।

কিন্তু জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বেলাওয়ানে পৌঁছাতে জাহাজটির প্রায় ৫৫ দিন লেগেছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি।

জাহাজটির বেলাওয়ানে পৌঁছানোর সময় নিয়েও দুটি ওয়েবসাইটের তথ্যে অসংগতি রয়েছে। ভেসেলফাইন্ডারে ৬ নভেম্বর জাহাজটির বেলাওয়ান বহির্নোঙরে পৌঁছানোর তথ্য দেখানো হয়েছে। অন্যদিকে, ইন্দোনেশিয়ার নৌবাহিনী বলেছে, তারা জাহাজটি আটক করে ৭ নভেম্বর। মেরিনট্রাফিকে আবার জাহাজটির বন্দরে পৌঁছানোর সময় দেখানো হয়েছে ১০ নভেম্বর।

৫ হাজার ৬৬ টন ধারণক্ষমতা এবং ৪ দশমিক ২ মিটার ড্রাফট (জাহাজের পানির নিচের অংশের গভীরতা) বিশিষ্ট এই জাহাজটি মোংলা চ্যানেল দিয়ে চলাচল করতে সক্ষম।

তবে শিপিং বিশ্লেষকদের মতে, তুলনামূলক ছোট আকারের বাল্ক বা সাধারণ পণ্যবাহী জাহাজে করে চীন থেকে এত দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে কনটেইনারে ভরা বিপজ্জনক রাসায়নিক আনাটা বেশ অস্বাভাবিক।

তারা জানান, সাধারণত এ ধরনের পণ্য বড় লাইনার জাহাজে করে বাংলাদেশে আনা হয় এবং পরে ট্রান্সশিপমেন্ট বন্দরের মাধ্যমে ছোট ফিডার জাহাজে স্থানান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ