1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ

চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

হাসান আকবর | সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কন্টেনার টার্মিনাল (সিসিটি) আগামী ছয় মাস পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। সীমিত দরপত্র প্রক্রিয়ায় অংশ নেওয়া চারটি প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রতিষ্ঠানটিকে অপারেটর নিয়োগ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

আজ (সোমবার) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির সই করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকও শাহাদাত হোসেন সেলিম।

সিসিটি পরিচালনার দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে শাহাদাত হোসেন সেলিম এমপি গতকাল দৈনিক আজাদীকে বলেন, যথাযথ নিয়ম মেনেই তারা দরপত্রে অংশ নিয়েছেন। চারটি প্রতিষ্ঠানের মধ্যে তারাই সর্বনিম্ন দর প্রস্তাব করেছেন। এ ছাড়া বন্দরের কার্যক্রম পরিচালনায় তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।

তিনি বলেন, মন্ত্রণালয়ের অনুমোদনের পর বন্দর কর্তৃপক্ষের সাথে আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে। আগের অপারেটরের মেয়াদ আজ রাত ১২টায় শেষ হচ্ছে, এরপর থেকে আমরা কাজ করবো। এ ব‍্যাপারে আমাদের প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, ‘আমরা প্রায় ৪০ বছর ধরে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিসিটি পরিচালনা করতে চাই। বন্দরের সুনাম ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে দায়িত্ব পালনের চেষ্টা থাকবে।’ এভারেস্ট পোর্ট সার্ভিসেস বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটি পরিচালনা করছে।

এর আগে গত ছয় বছর প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে সিসিটি পরিচালনার দায়িত্বে ছিল দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। গত ২ নভেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় অন্তর্বর্তী সময়ে আরও তিন সপ্তাহ সিসিটির কার্যক্রম চালিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল সাইফ পাওয়ারটেককে।

সিসিটি পরিচালনায় দীর্ঘমেয়াদে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে। গত ২৮ সেপ্টেম্বর নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে সেই প্রক্রিয়া চূড়ান্ত হতে সময় লাগায় অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ছয় মাসের জন্য নতুন অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এ লক্ষ্যে গত ১৭ নভেম্বর সীমিত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। দরপত্র কেনার জন্য ১৮ নভেম্বর এবং জমা দেওয়ার জন্য ১৯ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এগুলো হলো এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি, শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

তবে দরপত্র আহ্বান ও জমা দেওয়ার জন্য মাত্র দুই দিন সময় নির্ধারণ করায় প্রক্রিয়াটি নিয়ে আপত্তি তুলেছিলেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের (বোটসো) সভাপতি ফজলে একরাম চৌধুরী অভিযোগ করেছিলেন, সময় স্বল্পতার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেওয়ার সুযোগ পায়নি। তার দাবি, এভাবে অপারেটর নিয়োগের ক্ষেত্রে সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না।

ব‍্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, অস্বাভাবিক তড়িঘড়ি করে পছন্দের মানুষকে কাজ পাইয়ে দেয়ার আঞ্জাম করা হয়েছে। মাত্র দুইদিনের মধ‍্যে এমন গুরুত্বপূর্ণ একটি টার্মিনালের অপারেটর নিয়োগের নজির বন্দরের ইতিহাসে নেই বলেও তারা ক্ষোভ প্রকাশ করেন।

তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দাবি, সরকারি ক্রয় বিধিমালা অনুসরণ করেই সীমিত দরপত্র পদ্ধতিতে (এলটিএম) অপারেটর নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগের অপারেটরের মেয়াদ শেষ হওয়ার আগেই বন্দর সচল রাখার স্বার্থে সীমিত দরপত্র পদ্ধতিতে অপারেটর নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে।

এখন ছয় মাসের জন্য এভারেস্ট পোর্ট সার্ভিসেসের হাতে সিসিটির পরিচালনভার যাওয়ার মধ্য দিয়ে টার্মিনালটির কার্যক্রমে নতুন অধ্যায় শুরু হচ্ছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি অন্তর্বর্তীকালীন অপারেটর হিসেবে দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ