নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্ট জিততে শেষ দিনে আট উইকেট দরকার ছিল ভারতের। সোমবার তারা তিন উইকেট তুলে নিলে ১৩৯ রানে পাঁচ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে এরপর ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের দৃঢ় প্রতিরোধে ম্যাচটি ড্র মেনে নেয় ভারত।
ফলাফল না এলেও এই ড্রয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের পয়েন্ট টেবিলে বড়সড় বদল এসেছে। অনেক দিন পর প্রথমবার সেরা দুইয়ের বাইরে চলে গেছে নিউজিল্যান্ড। কিউইদের পয়েন্টের শতকরা হার বা পিসিটি ৭২.২২ থেকে কমে ৬৬.৬৭-তে নেমে এসেছে। ফলে তারা এখন তৃতীয় স্থানে।
নিউজিল্যান্ড নিচে নেমে যাওয়ায় তাদের প্রতিবেশী অস্ট্রেলিয়া ৬৯.২৩ পিসিটি নিয়ে দুই নম্বরে উঠে এসেছে। আর ৭৫.০০ পিসিটি নিয়ে সবার ওপরে নিজের জায়গা ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের পিসিটিও কমে ৫১.৫২ থেকে ৫০.০০-তে দাঁড়িয়েছে। তবে পয়েন্টের হার কমলেও আগের মতো চতুর্থ স্থানেই রয়েছে তারা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে মাঠে নামার আগে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। টাইগারদের পিসিটি ৪০.৭৪। তালিকার ছয় নম্বরে আছে ইংল্যান্ড, তাদের পিসিটি ৩৮.৫৪। এরপর ক্রমান্বয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান।