গত জুন শেষে দেশের ২২ ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি বেড়ে তিন লাখ আট হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এতে বেসরকারি খাতে বিনিয়োগে অর্থায়নের সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, গত সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ঐতিহাসিকভাবে সর্বনিম্ন ৪.১৭ শতাংশে নেমে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ২২ ব্যাংকের মূলধন ঘাটতি ছিল তিন লাখ আট হাজার ৮০৩ কোটি টাকা। গত মার্চ শেষে ২১ ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ছিল প্রায় দুই লাখ ৯৪ হাজার কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের বাকি ব্যাংকগুলোর কোনো মূলধন ঘাটতি ছিল না।
এদিকে টানা সপ্তম মাসের মতো বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে। এতে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা কমে যাওয়া এবং নতুন বিনিয়োগের চাহিদা কম থাকার বিষয়টিও স্পষ্ট হয়েছে।
ব্যাংকাররা টিবিএসকে বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিতরণ করা ঋণের একটি বড় অংশ খেলাপি হয়ে গেছে।
তারা বলেন, এসব ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে বেশি অর্থ সংরক্ষণ করতে হচ্ছে। ফলে তাদের মুনাফা কমে গেছে। কোনো কোনো ব্যাংক লোকসানেও পড়েছে। এতে ব্যাংকগুলোর মূলধন ক্ষয় হয়েছে। স্বাভাবিক কার্যক্রম পরিচালনা এবং নতুন ঋণ দেওয়ার সক্ষমতাও আরও কমে গেছে।
সম্প্রতি প্রকাশিত দ্য ইকোনমিস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি ও ঋণ বিতরণে অনিয়মের কারণে বাংলাদেশের ব্যাংকিং খাতের কিছু অংশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব ঋণের একটি বড় অংশ আর আদায় হওয়ার সম্ভাবনা নেই।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেসব ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীর মালিকেরা ব্যাংকের মালিকানা এবং ঋণ দেওয়ার সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছিলেন, তাদের অনেকেই এখন কারাগারে রয়েছেন অথবা দেশ ছেড়ে পালিয়েছেন। এর ফলে ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি হয়ে পড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ব্যাংকিং খাতের অবস্থা প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় অনেক বেশি দুর্বল। দেশ দুটিতে খেলাপি ঋণের হার যথাক্রমে ১.৭ শতাংশ ও ৫ শতাংশ। অন্যদিকে বাংলাদেশের ব্যাংকিং খাতের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত কমে ঋণাত্মক ৩.৮ শতাংশে নেমে এসেছে।
দুর্বল ব্যাংক ও বিনিয়োগে অনাগ্রহ ঋণ বিতরণে বাধা সৃষ্টি করছে
ব্যাংকার, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলেছেন, ব্যাংকগুলোর দুর্বল আর্থিক অবস্থা এবং নতুন বিনিয়োগের চাহিদা কমে যাওয়ার কারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।
তারা বলেন, ঋণের উচ্চ সুদহার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মূল্য সংযোজন কর ও অন্যান্য করসংক্রান্ত জটিলতার কারণে ব্যবসায়ীরা বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণে আগ্রহী হচ্ছেন না।
নির্বাচনের পরও ব্যবসায়িক কার্যক্রম ও বিনিয়োগে প্রত্যাশিত গতি ফেরেনি। আগামী এক বছরেও অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই।
জ্বালানির দাম বৃদ্ধি এবং নতুন করে জ্বালানি সংকটের আশঙ্কা বিনিয়োগকারীদের আস্থায় আরও নেতিবাচক প্রভাব ফেলেছে।
ফলে দুই দিক থেকেই বেসরকারি খাতে অর্থায়ন চাপে পড়েছে। আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা কমেছে। অন্যদিকে ব্যবসায়ীদের ঋণের চাহিদাও কমে গেছে।
মূলধন ঘাটতিতে সবচেয়ে বেশি এগিয়ে ইসলামী ব্যাংকগুলো
ব্যাংকিং খাতের মোট মূলধন ঘাটতির সবচেয়ে বড় অংশ ইসলামী ব্যাংকগুলোর।
গত জুন শেষে সাতটি ইসলামী ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ছিল এক লাখ ৮৭ হাজার ২৩৮ কোটি টাকা। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একারই ঘাটতি ৬৬ হাজার ১২৬ কোটি টাকা।
ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। একীভূত হওয়ার পর ব্যাংকটি এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের অংশ হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।
ব্যাংকাররা জানিয়েছেন, আগে এস আলমের নিয়ন্ত্রণে থাকা সাতটি ব্যাংকের সব কটিই এখন মূলধন ঘাটতিতে রয়েছে।
মূলধন ঘাটতিতে থাকা অন্য বড় ব্যাংকগুলোর মধ্যে রয়েছে আইএফআইসি ব্যাংক, যা আগে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে ছিল; সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবালের সঙ্গে সংশ্লিষ্ট প্রিমিয়ার ব্যাংক এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রণে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
গত জুন শেষে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ছিল ৩৮ হাজার ৪১১ কোটি টাকা।
এর মধ্যে জনতা ব্যাংকের ঘাটতি ছিল ১৯ হাজার ৭০৭ কোটি টাকা। এরপর রয়েছে অগ্রণী ব্যাংক, যার ঘাটতি আট হাজার ৭৮২ কোটি টাকা। রূপালী ব্যাংকের ঘাটতি পাঁচ হাজার ২৩১ কোটি টাকা এবং বেসিক ব্যাংকের ঘাটতি চার হাজার ৬৯০ কোটি টাকা।
আটটি বেসরকারি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ছিল ৪৯ হাজার ৭৩১ কোটি টাকা।
এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের ঘাটতি ১৭ হাজার ৪৭৪ কোটি টাকা, এবি ব্যাংকের আট হাজার ৯১২ কোটি টাকা, আইএফআইসি ব্যাংকের সাত হাজার ১৯৯ কোটি টাকা, পদ্মা ব্যাংকের ছয় হাজার ৬১৮ কোটি টাকা এবং প্রিমিয়ার ব্যাংকের ছয় হাজার ৭৮ কোটি টাকা।
বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি সবচেয়ে বেশি, ৩০ হাজার ৪৬১ কোটি টাকা। অন্যদিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি দুই হাজার ৯৫৭ কোটি টাকা।
এদিকে বিদেশি ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের মূলধন ঘাটতি ছিল ৪ কোটি টাকা।
ব্যাংকিং খাতের মূলধন পর্যাপ্ততার অবস্থার আরও অবনতি
গত জুন শেষে ব্যাংকিং খাতের সামগ্রিক মূলধন পর্যাপ্ততার অনুপাত বা সিআরএআর আরও কমে ঋণাত্মক ৩.৮০ শতাংশে দাঁড়িয়েছে। গত মার্চ শেষে এই হার ছিল ঋণাত্মক ৩.১৭ শতাংশ।