1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ

প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা ‘জিটিএ ৬’ (Grand Theft Auto 6)। মুক্তির প্রথম দিনেই গেমটি বিনোদন জগতের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবসায়িক সাফল্যের রেকর্ড গড়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘সেন্সর টাওয়ার’-এর তথ্য অনুযায়ী, প্রি-অর্ডার এবং মুক্তির প্রথম দিনের বিক্রি মিলিয়ে ওপেন-ওয়ার্ল্ড অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই গেমটির ২ কোটি ৪৫ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে। এর ফলে প্রথম দিনেই গেমটির আয় দাঁড়িয়েছে প্রায় ২ দশমিক ৩৬ বিলিয়ন (২৩৬ কোটি) মার্কিন ডলারে।

তুলনামূলকভাবে দেখা যায়, চলতি বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ প্রেক্ষাগৃহে পুরো প্রদর্শনী শেষে আয় করেছিল ২ দশমিক ৫ বিলিয়ন ডলার।

গেমটির নির্মাতা প্রতিষ্ঠান ‘রকস্টার গেমস’ এবং এর মূল কোম্পানি ‘টেক-টু ইন্টারঅ্যাকটিভ’ এখনো আনুষ্ঠানিক বিক্রির পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে তারা জানিয়েছে, গেমটির চাহিদা ছিল ‘নজিরবিহীন’। এ বিষয়ে মন্তব্যের জন্য প্রতিষ্ঠান দুটির সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

প্রায় তিন দশক পুরোনো রকস্টারের এই ক্রাইম সিমুলেটর সিরিজের সর্বশেষ সংস্করণ ‘জিটিএ ৬’। আমেরিকান ড্রিমের ওপর ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গিতে তৈরি এই গেমটিতে খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আদলে তৈরি কাল্পনিক অঙ্গরাজ্য ‘লিওনিডা’য় পেশাদার অপরাধীর ভূমিকায় দেখা যাবে। নতুন এই পর্বে লুসিয়া এবং তার সঙ্গী জেসন নামের দুই অপরাধীর গল্প তুলে ধরা হয়েছে।

ধারণা করা হচ্ছে, জিটিএ ৬ তৈরি করতে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলারেরও বেশি খরচ হয়েছে, যা এটিকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমে পরিণত করেছে।

সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, গেমটির মোট বিক্রির প্রায় তিন-চতুর্থাংশই হয়েছে ‘প্লেস্টেশন ৫’-এর জন্য এবং বাকি অংশ ‘এক্সবক্স’ কনসোলের জন্য। সংস্থাটি আরও পূর্বাভাস দিয়েছে যে, জিটিএ ৬-এর জনপ্রিয়তার কারণে গেমাররা অন্যান্য সিঙ্গেল-প্লেয়ার গেমে ১০ শতাংশ কম সময় ব্যয় করবেন।

গেমিং বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান ‘নিকো পার্টনার্স’ ধারণা করছে, চলতি বছরেই বিশ্বজুড়ে জিটিএ ৬-এর বিক্রি ৩ বিলিয়ন (৩০০ কোটি) ডলার ছাড়িয়ে যাবে। তবে মুদ্রাস্ফীতি সমন্বয় করলে ১৯৩৯ সালের ক্ল্যাসিক চলচ্চিত্র ‘গন উইথ দ্য উইন্ড’-এর ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের সর্বকালীন আয় ছাড়াতে গেমটিকে আরও কিছুটা পথ পাড়ি দিতে হবে।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বিভিন্ন টাইম জোনে গেমটি মুক্তি পাওয়ার পরপরই বিশ্বজুড়ে গেমারদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। অনেকেই রাত জেগে গেমটি খেলেছেন এবং কেউ কেউ শুক্রবার কর্মস্থল থেকে ছুটি নিয়েছেন। কনসোলে গেমটির ২১২ গিগাবাইটের বিশাল ফাইল ডাউনলোড করতে গিয়ে যুক্তরাজ্যের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ‘ভার্জিন মিডিয়া ও২ ’-এর সন্ধ্যার ইন্টারনেট ট্রাফিকের অতীতের সব রেকর্ড ভেঙে গেছে।

সমালোচকদের কাছ থেকেও অভাবনীয় প্রশংসা পাচ্ছে গেমটি। বিনোদন ও গেমিং মাধ্যম ‘আইজিএন’ এটিকে একটি ‘আপসহীনভাবে নির্মিত’ মাস্টারপিস হিসেবে বর্ণনা করেছে।

নিউ ইয়র্কভিত্তিক স্টুডিও রকস্টার এখনো কম্পিউটার বা পিসি সংস্করণের মুক্তির তারিখ ঘোষণা করেনি। এ ছাড়া এর মাল্টিপ্লেয়ার সংস্করণ কবে আসবে তাও জানানো হয়নি। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিটিএ ৫ ’-এর অভিজ্ঞতা বলছে, মাল্টিপ্লেয়ার সংস্করণ চালু হলে এবং গেমাররা গেমের ভেতরে বাড়ি, গাড়ি ও অন্যান্য সুবিধা কিনতে বাস্তব অর্থ ব্যয় শুরু করলে রকস্টারের আয় বহুগুণ বেড়ে যাবে।

এদিকে, গেমটিতে অতিরিক্ত সহিংস ও গ্রাফিক দৃশ্য থাকার কারণে জাপানে এর কিছু অংশ সেন্সর করা হয়েছে। এ ছাড়া সিরিজের আগের গেমগুলোর মতোই চীনের মূল ভূখণ্ডে জিটিএ ৬ বিক্রির অনুমোদন দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ