মজুরি বাড়ানোর দাবিতে শিল্পাঞ্চলে অস্থিরতা বাড়তে থাকায় আজ বৃহস্পতিবার টানা পঞ্চম দিনের মতো কাজে যোগ দিতে এসে বাড়ি ফিরে গেছেন গাজীপুরের পোশাকশ্রমিকরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধও করেছেন শ্রমিকরা।
অন্যদিকে শ্রমিক অসন্তোষের ঘটনায় শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা থেকে আজ ভোররাত পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।
ডেইলি স্টারের গাজীপুর জানান, ভোগড়ার বাইপাস চৌরাস্তার দিকে অন্তত পাঁচটি পোশাক কারখানার সামনে বন্ধের নোটিশ টাঙানো দেখা গেছে। এ সময় আশপাশের হাজারো শ্রমিককে কারখানা থেকে বের হয়ে বাড়ির পথে যেতে দেখা যায়।
এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় ৪০০-৫০০ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। পরে শ্রীপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন।
ভোগড়া বাইপাস এলাকার এক শ্রমিক ডেইলি স্টারকে বলেন, ‘৩০ হাজার টাকা বেতন চাওয়া আমাদের অপরাধ নয়। আমরা চাই, দ্রুত আমাদের বেতন বাড়ানো হোক। কোনোভাবেই সংসার চালাতে পারছি না।’
প্রকাশে অনিচ্ছুক আরেক নারী শ্রমিক বলেন, ‘এত দিন ধরে আমাদের ঘুরিয়ে-ফিরিয়ে রাখা হচ্ছে। কিন্তু বেতন বাড়ানোর মূল কাজটি কেউ করছে না। প্রতি মাসে বাসাভাড়া বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে। এসব নিয়ে কি কেউ খবর নেয়?’
তবে সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের পরিদর্শক মনুজর মোর্শেদ।
চান্দনা চৌরাস্তায় ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) তরিকুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকার একটি কারাখানার সামনে শ্রমিকরা আন্দোলন করছেন। ট্রাফিক পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আছেন।
জানতে চাইলে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, আজ ১০টি কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি জানিয়েছিলেন, শ্রমিক অসন্তোষের কারণে ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
ডেইলি স্টারের সাভার জানিয়েছেন, শ্রমিক অসন্তোষের ঘটনায় শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা থেকে আজ ভোররাত পর্যন্ত বিভিন্ন সময় সাভার-আশুলিয়ার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, শ্রমিক আন্দোলনের মামলায় সাভার মডেল থানায় পাঁচজন গ্রেপ্তার আছেন। তাদের মধ্যে শ্রমিক ও শ্রমিক নেতাও আছেন। আজ তাদের আদালতে পাঠানো হবে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, শ্রমিক আন্দোলনের মামলায় তিনজন গ্রেপ্তার আছেন। তাদের আদালতে পাঠানো হবে।
আজ শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার আজ ৬১টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে বলে জানা গেছে।
এসব কারখানার মধ্যে বাংলাদেশ শ্রম আইন ১৩ (১) ধারায় বন্ধ আছে ২৯টি কারখানা, সাধারণ ছুটি ১০টি কারখানায় এবং কারখানায় উপস্থিত হলেও কাজ করছেন না এমন কারখানার সংখ্যা ১৭টি। কাজ না করায় ছুটি দেওয়া হয়েছে পাঁচটি কারখানায়।
সকাল সোয়া ৯টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া ক্ষুদেবার্তায় এসব তথ্য নিশ্চিত করেন।
তবে পুলিশ ও শ্রমিক নেতারা জানান, সকাল পৌনে ১০টা পর্যন্ত উপজেলার সাভার ও আশুলিয়ায় কোনো শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।