কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আন্দোলন প্রতিহত করার দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, সরকার যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে বিরোধী দলের সহযোগিতা চাইতে পারে। তবে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম প্রতিরোধ করতে হলে সরকারকে গণভোটের রায় মেনে জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আওয়ামী লীগের আন্দোলন হচ্ছে সরকারের বিরুদ্ধে। তাদের ঠেকানোর দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়। সরকার যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে বিরোধী দলকে বলতে পারে—‘‘আমরা পারছি না, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চেইন অব কমান্ড ব্যর্থ হয়েছে, আপনারা এগিয়ে আসুন।’’ তখন বিরোধী দল দায়িত্ব নিতে পারে।’
শিবির সভাপতি বলেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব বিরোধী দলের হাতে তুলে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আওয়ামী লীগ যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করছে, তাই তাদের মোকাবিলার দায়িত্বও সরকারের। রাষ্ট্র তাদের গ্রেপ্তার করছে এবং রাজনীতি করার সুযোগ-সুবিধা দিচ্ছে না—এমন অভিযোগ থেকেই তারা আন্দোলন করছে। ফলে সরকারের বিরুদ্ধেই তাদের আন্দোলন করা স্বাভাবিক।
বিরোধী দল হিসেবে ছাত্রশিবিরও প্রতিরোধ গড়ে তুলছে দাবি করে সাদ্দাম বলেন, ‘আমরা প্রতিটি জায়গায় মিছিল করেছি। ক্যাম্পাসগুলোতে প্রতিবাদ, প্রতিরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছি, যাতে তারা সারা দেশে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটাতে না পারে।’
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘নাগরিক অধিকার ও সচেতনতার জায়গা থেকে আমরা এসব কর্মসূচি পালন করছি। তবে মূল দায়িত্ব সরকারেরই। সরকার যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তা স্পষ্ট করে জানাতে হবে।’ আওয়ামী লীগকে প্রতিরোধ করার সক্ষমতা বিরোধী দলের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শিবির সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইসলামী ছাত্রশিবির এবং জামায়াতে ইসলামীকে সবচেয়ে বেশি ভয় পায় বলে আমার ধারণা। ক্ষমতা ছাড়ার তিন দিন আগে আমাদের নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তাদের ধারণা ছিল, এই শক্তিকে নিষিদ্ধ করতে পারলে হয়তো ক্ষমতা টিকিয়ে রাখা যাবে। কিন্তু পারেনি, ভবিষ্যতেও পারবে না।’
সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে শর্ত তুলে ধরে এই শিবির নেতা বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তবে বিরোধী দল তখনই সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করবে, যখন সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে। এর বাইরে এ বিষয়ে সরকারকে সহযোগিতা করার ন্যূনতম ইচ্ছা আমাদের নেই।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির সঞ্চালনায় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুর গফুর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ প্রমুখ।