1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

ভর্তি পরীক্ষা পেছাতে হাইকোর্টের আদেশ, আপিল বিভাগে যাচ্ছে ঢাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

ঢাকা: এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের সুযোগ চেয়ে বৃহস্পতিবারই আপিলের আবেদন করা হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ আপিলের প্রস্তুতি নেওয়া হয়েছে। আজই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।’

এর আগে বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দেন।

আদালত একই সঙ্গে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশের বৈধতা নিয়ে রুল জারি করেছেন। এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জারি করা নির্দেশিকা অনুযায়ী ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার জন্য আবেদন করেছেন। তাদের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে।

তিনি বলেন, ‘এসব শিক্ষার্থীর ফল প্রকাশের আগেই ৫ ডিসেম্বর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে পুনর্মূল্যায়নের ফলে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা ছিল। এ বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করেছেন।’

এদিকে, সম্প্রতি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে ইউজিসি। সেখানে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়। পাশাপাশি ১ জানুয়ারির পর ভর্তি আবেদনের কার্যক্রম শুরুর বিষয়েও আলোচনা হয়।

তবে ইউজিসির ওই বৈঠকের পরও আগের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা ছিল।

এখন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে যাওয়ায় ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ