অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে আটকের পর তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অর্থের জোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগ এনে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ মামলায় তাকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে। এরপর তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের আবেদনে বলা হয়, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উত্তরা থেকে জ্যোতিকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করছে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে এক দফা দাবিতে আন্দোলন করছিলেন ছাত্র-জনতা। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে বাদীর ডান পায়ে গুলি লাগে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
২০২৫ সালের ৩ মে ভাটারা থানায় মামলাটি করা হয়। এতে দণ্ডবিধির ১৪৩, ১৪৯, ৩২৬, ৩০৭, ৩৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।