আন্তর্জাতিক বিনোদন দুনিয়ায় আরও এক ধাপ এগিয়ে গেলেন অভিনেতা আলি ফজল। এবার ই এম ফস্টারের বিখ্যাত উপন্যাস ‘এ প্যাসেজ টু ইন্ডিয়া’ অবলম্বনে নির্মিতব্য নতুন সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। বিবিসি ও কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (সিবিসি) জন্য নির্মিত পাঁচ পর্বের এই সিরিজে ডক্টর আজিজের ভূমিকায় দেখা যাবে তাকে।
সিরিজটি পরিচালনা ও চিত্রনাট্য রচনা করছেন এমি পুরস্কারজয়ী নির্মাতা রিচি মেহতা। এর শুটিং হবে ভারতে। ভারতীয় ও আন্তর্জাতিক অভিনয়শিল্পীদের সমন্বয়ে সাজানো হচ্ছে সিরিজটির কলাকুশলী দল। ১৯২০-এর দশকের ঔপনিবেশিক ভারতের পটভূমিতে নির্মিত গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন ভারতীয় চিকিৎসক। পেশায় ভারতীয় চিকিৎসক আজিজ বিশ্বাস করেন, সাংস্কৃতিক বিভেদ পেরিয়েও মানুষের মধ্যে প্রকৃত বন্ধুত্ব ও সম্পর্ক তৈরি হওয়া সম্ভব। কিন্তু একটি বিতর্কিত ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় আইনি লড়াই। আর তারই সূত্র ধরে সামনে আসে ঔপনিবেশিক সমাজের গভীরে থাকা জাতিগত বিদ্বেষ, ক্ষমতার দাপট এবং বৈষম্যের ছবি। ধীরে ধীরে একাধিক মানুষের জীবন জড়িয়ে পড়ে সেই সংঘাতের সঙ্গে।
আন্তর্জাতিক প্রযোজনায় কাজ করার অভিজ্ঞতা অবশ্য আলি ফজলের জন্য নতুন নয়। এর আগে ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ চলচ্চিত্রে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান তিনি। এ ছাড়া জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ অভিনয়ের মাধ্যমে উপমহাদেশের দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেতা।
এবার ই এম ফস্টারের কালজয়ী উপন্যাসের পর্দার রূপান্তরে প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে নিজের অবস্থান আরও বিস্তৃত করার সুযোগ পাচ্ছেন আলি ফজল।