1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের রায় আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় আজ বিকাল ৯টায়) রায় পড়া শুরু হবে। রায় ঘোষণা করতে ৯০ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্র গণহত্যা করেছে বলে ঘোষণা দিতে পারে আন্তর্জাতিক বিচার আদালত। আদালতের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায় কার্যকর করার ক্ষমতা আদালতের সীমিত। মিয়ানমার রায় উপেক্ষা করলে গাম্বিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাতে পারে।

পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে, যার দায় রাষ্ট্র হিসেবে মিয়ানমারের ওপর বর্তায়।

ওই সামরিক অভিযানের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসেন। রোহিঙ্গাদের অধিকাংশই মুসলিম। অন্যদিকে মিয়ানমার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ। অভিযান থেকে বেঁচে যাওয়া রোহিঙ্গারা হত্যাকাণ্ড, ব্যাপক ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার ঘটনার বর্ণনা দিয়েছেন। জাতিসংঘের একটি তথ্যানুসন্ধানী মিশনও তাদের প্রতিবেদনে বলেছে, ওই সামরিক অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হয়েছিল।

তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাবে তাদের বাহিনী বৈধভাবে অভিযান চালিয়েছিল। রোহিঙ্গাদের সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য ছিল, এমন কোনো প্রত্যক্ষ প্রমাণও নেই বলে দাবি করেছে মিয়ানমার।

১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রমাণিত হলেই কোনো কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে বিবেচনা করা যায়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে জাতীয়, জাতিগত, বর্ণগত অথবা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে চিহ্নিত হতে হয়।

আন্তর্জাতিক বিচার আদালত এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যা সংঘটনের জন্য দায়ী করেনি। ২০০৭ সালে বসনিয়ায় ১৯৯৫ সালের স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ড প্রতিরোধে ব্যর্থ হওয়ায় সার্বিয়াকে দায়ী করেছিল আদালত। ওই হত্যাকাণ্ডে ৮ হাজারের বেশি মুসলিম পুরুষ ও কিশোর নিহত হন। তবে আদালত তখন রায় দিয়েছিল, সার্বিয়া নিজে গণহত্যা সংঘটন করেনি।

মিয়ানমারের বিরুদ্ধে মামলার রায় ভবিষ্যতে এ ধরনের অন্যান্য মামলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আইনি নজির তৈরি করতে পারে। এর মধ্যে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলাও রয়েছে।

মিয়ানমারের বিরুদ্ধে কী চায় গাম্বিয়া

আন্তর্জাতিক বিচার আদালত রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তি করে। ফলে আদালত মিয়ানমার রাষ্ট্রকে দায়ী করতে পারলেও কোনো ব্যক্তির বিচার করতে পারে না। ব্যক্তির অপরাধের বিচার করার দায়িত্ব আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)।

গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতের কাছে মিয়ানমারকে কয়েকটি নির্দেশনা দেওয়ার আবেদন জানিয়েছে। এর মধ্যে রয়েছে, গণহত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিচার করা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করা। তবে রোহিঙ্গাদের পক্ষে ক্ষতিপূরণ দাবি করার ক্ষেত্রে গাম্বিয়ার আইনগত অধিকার রয়েছে কি না, তা নিয়ে আপত্তি জানিয়েছে মিয়ানমার।

বাংলাদেশে থাকা ১২ লাখ রোহিঙ্গার নজর রায়ের দিকে

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। তাদের অনেকেই আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়ের দিকে নজর রাখবেন। অন্যদিকে, প্রায় ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গা এখনো মিয়ানমারে বসবাস করছেন। তবে দেশটিতে তাদের চলাচল, স্বাস্থ্যসেবা গ্রহণ এবং জীবিকা নির্বাহের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ