1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

খুলনা: চাঁদা না দিলে ব্যবসা বন্ধ, হত্যার হুমকি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

খুলনা নগরের রূপসা স্ট্যান্ড রোডের মল্লিক ব্রাদার্স ফার্মেসি বন্ধ হয়ে যায় গত ৯ নভেম্বর। এর আগে ফার্মেসির মালিকের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সেই সঙ্গে দেওয়া হয় প্রাণনাশের হুমকি।

এ ঘটনার পর আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় আশপাশের আরও প্রায় ১০টি ফার্মেসি।

ফার্মেসির মালিক বশির হাসান পল্টু বলেন, গত ১৪ অক্টোবর প্রথম ফোন করে তার কাছে ৩০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। এরপর ৮ নভেম্বর হেলমেট পরা কয়েকজন যুবক তার ফার্মেসিতে এসে তাকে হত্যার হুমকি দেয়।

গত ১২ নভেম্বর ফার্মেসিটি আবার খুলেছেন বশির। তবে এখনো প্রতিদিন আতঙ্কের মধ্যে কাটছে তার। গতকাল মঙ্গলবার এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে পারেনি।

এই ঘটনা খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে চাঁদাবাজ চক্রের ক্রমবর্ধমান দৌরাত্ম্যের একটি উদাহরণ মাত্র। ব্যবসায়ীরা বলছেন, ব্যবসা চালু রাখতে ‘সুরক্ষা’ দেওয়ার নামে এখন অপরাধী চক্রকে চাঁদা দিতে হচ্ছে।

নগরের ৫০টির বেশি ব্যবসাপ্রতিষ্ঠান ঘুরে দেখেছে দ্য ডেইলি স্টার। এসব প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপকেরা চাঁদা দেওয়ার কথা স্বীকার করেছেন। তবে প্রতিশোধের ভয়ে কেউ পরিচয় প্রকাশ করতে চাননি। চাঁদা দিতে অস্বীকার করায় যেসব প্রতিষ্ঠানে হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেখানকার লোকজনও মুখ খুলতে রাজি হননি।

এক ব্যবসায়ী বলেন, ‘আজ আমার নাম ছাপালে কাল যে আমার লাশ পাওয়া যাবে না, এর কোনো নিশ্চয়তা দিতে পারবেন?’

আরেক ব্যবসায়ী বলেন, ‘যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠানে যান। কেউ স্বীকার করবে না যে চাঁদা দিচ্ছে। কিন্তু ব্যবসা চালু রাখতে সবাই চাঁদা দিচ্ছে।’

পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফোনে হুমকি, অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানে হাজির হওয়া এবং ভাঙচুরের মাধ্যমে বড় অঙ্কের টাকা আদায় করছে অপরাধী চক্রগুলো।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, খুলনায় সক্রিয় নয়টি অপরাধী চক্রের মধ্যে ছয়টি চাঁদাবাজিতে বিশেষভাবে সক্রিয়। ব্যবসাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়া নিয়েও এসব চক্রের মধ্যে প্রতিযোগিতা চলছে।

তাদের লক্ষ্যবস্তু হচ্ছে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি, রেস্তোরাঁ, পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান, চিকিৎসক, আইনজীবী ও সরকারি কর্মকর্তারা।

চাঁদা দিতে অস্বীকার করলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। কোথাও অস্ত্র নিয়ে হামলা চালানো হচ্ছে। এমনকি হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।

খুলনায় চাঁদাবাজদের অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। অক্টোবরের শুরু থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটেছে।

অক্টোবরের শুরুতে রয়্যাল মোড়ের কাছে সিটি কুইন্স ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

২৪ অক্টোবর ৮ থেকে ১০ জন মুখোশধারী অস্ত্রধারী সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে হামলা চালায়। তারা প্রতিষ্ঠানের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এবং ফাঁকা গুলি ছোড়ে।

পরদিন সন্ধ্যায় সাত থেকে আটজন সোনাডাঙ্গায় সন্ধানী ক্লিনিকের শাখায় যায়। সেখানে তারা ব্যবস্থাপককে খুঁজতে থাকে।

এসব হামলার অভিযোগে খুলনার সবচেয়ে বড় অপরাধী চক্র ‘বি কোম্পানি’র প্রধান রনি চৌধুরী ওরফে ‘গ্রেনেড বাবু’র নাম এসেছে।

৩ নভেম্বর শামসুর রহমান রোডে রংধনু ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং আবদুল্লাহ প্যাথলজিতে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

এর চার দিন পর পিটিআই মোড়ে নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে হামলা হয়।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, ‘নূর আজিম গ্রুপের’ সদস্য পরিচয় দিয়ে কয়েকজন তিনটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তার সঙ্গে যোগাযোগ করে। প্রথমে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে সেই দাবি কমিয়ে ২০ লাখ এবং শেষ পর্যন্ত ১০ লাখ টাকা করা হয়।

তারা পরদিনের মধ্যে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। তা না হলে কর্মীদের হত্যা করা হবে বলেও জানায়। এ হুমকির পর প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

প্রতিষ্ঠানটি বন্ধের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলে ফোন করা ব্যক্তিরা আবার সেটি খুলে দেওয়ার দাবি জানায়। এ ঘটনা নিয়ে কেউ কথা বললে গুলি করার হুমকিও দেয় তারা।

পরে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি আবার চালু করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, এ ঘটনায় থানায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ জমা পড়েনি। তবে চাঁদা দাবির হুমকির বিষয়টি পুলিশ জানতে পেরেছে। পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর প্রতিষ্ঠানটি আবার চালু করা হয়।

খুলনা মহানগর পুলিশ (কেএমপি) ২০২৫ সালের ১ জানুয়ারি ঢাকায় অভিযান চালিয়ে নূর আজিমকে গ্রেপ্তার করেছিল। তবে চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে তিনি জামিনে মুক্তি পান।

পুলিশ ও স্থানীয় সূত্রের অভিযোগ, নূর আজিম মুক্তি পাওয়ার পর তার দলের চাঁদাবাজির হুমকি ও হামলার ঘটনা বেড়েছে। তবে আদালতে তার সংশ্লিষ্টতা এখনো প্রমাণিত হয়নি।

খুলনায় ফার্মেসি, ব্যবসায়ী ও চিকিৎসকদের কাছেও চাঁদা দাবি করা হচ্ছে।

টুটপাড়ার চয়নিকা ফার্মেসির ব্যবস্থাপক বাবুর কাছে ২০ লাখ টাকা ও ১০টি মোটরসাইকেল চাঁদা চাওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এরপর তিনি ফার্মেসি বন্ধ করে আত্মগোপনে চলে যান।

বড় বাজারের পাইকারি ব্যবসায়ীরাও চাঁদার হুমকি পাচ্ছেন। কেউ কেউ অপরিচিত নম্বর থেকে আসা ফোন ধরছেন না। আবার অনেকে ভয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না।

খুলনার সাবেক সিভিল সার্জন ও খুলনা মেডিকেল কলেজের উপপরিচালক চিকিৎসক সুজাত আহমেদ অভিযোগ করেন, ৮ নভেম্বর ‘বি কোম্পানি’র সদস্য পরিচয়ে কয়েকজন হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ