জাতীয় ক্রিকেট লিগের ইতিহাসে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হলো খুলনা বিভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ম্যাচ জমিয়ে তোলার সকল রসদ ছিল শেষ দিন। কিন্তু কিছুই কাজে লাগাতে পারল না রংপুর। চ্যালেঞ্জিং পুঁজি নিয়েও নূন্যতম লড়াই করতে পারল না বর্তমান চ্যাম্পিয়নরা। দাপুটে জয়ে তাদের শিরোপা ছিনিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন খুলনা।
জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে রংপুরকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে খুলনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ২০১ রানের লক্ষ্য ৪০.৪ ওভারেই ছুঁয়ে ফেলেছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দল।
২০১৯-২০ মৌসুমের পর এটি খুলনার প্রথম শিরোপা। মাঝের পাঁচ আসরে কাছাকাছি গেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। সব মিলিয়ে এটি তাদের অষ্টম ট্রফি। যার ফলে ঢাকাকে পেছনে ফেলে এখন এককভাবে জাতীয় লিগের সর্বোচ্চ শিরোপাজয়ী দল খুলনা।
শেষ রাউন্ডে স্রেফ ড্র করলেও কাজ হয়ে যেত খুলনার। তবে হেরে গেলে অবশ্যম্ভাবী ছিল বিপদ। কারণ আগের দিন বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়ে জোড়া বোনাস পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে উঠে গিয়েছিল ২০২৪ সালের চ্যাম্পিয়ন সিলেট।
তবে সব শঙ্কা এক ঝটকায় উড়িয়ে দিয়েছে খুলনা। এনামুল হক, আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকির ব্যাটে সহজ জয়ই পেয়েছে তারা। এনামুল ও আজিজুলের উদ্বোধনী জুটিতে আসে ১২৩ রান।
সব মিলিয়ে সাত ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন খুলনা। সমান ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে রানার্স-আপ সিলেট।
টুর্নামেন্টের শেষ দিন সকালে কোনো রান যোগ করার আগেই নিজেদের শেষ উইকেট হারায় রংপুর। ২৩ রানে ফেরেন মিম মোসাদ্দেক। সব মিলিয়ে ১৪ ইনিংসে ৫৭.৪৩ গড়ে ৮০৪ রান করে তিনিই এবারের লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক।
আগের দিন পাওয়া ৪ উইকেটের সঙ্গে আরেকটি যোগ করে এবারের লিগে নিজের প্রথম ৫ উইকেটের স্বাদ পান সফর আলি। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। সব মিলিয়ে ১২ ইনিংসে তার শিকার ২৪ উইকেট। লিগে পেসারদের মধ্যে তিনিই সবার ওপরে।
পরে চ্যালেঞ্জিং লক্ষ্যে খুলনাকে উড়ন্ত সূচনা এনে দেন এনামুল। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৬৮ বলে তিনি খেলেন ৮১ রানের ইনিংস। ১১ চারের সঙ্গে মারেন ৩টি ছক্কা। লাঞ্চ বিরতির কিছুক্ষণ আগে আবু হাশিমের বলে বোল্ড হওয়ায় মিলিয়ে যায় তার সেঞ্চুরির আশা।
বিরতি থেকে ফিরে আর উইকেট পড়তে দেননি আজিজুল ও কালাম। অবিচ্ছিন্ন জুটিতে ৮০ রান যোগ করে দলের শিরোপা নিশ্চিত করেই মাঠ ছাড়েন তারা। আজিজুল ৯ চার ও ২ ছক্কায় ৭৮ এবং কালাম ৭ চারে করেন ৩৫ রান।
প্রায় ছয় বছর পর শিরোপা জেতার পথে দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন মোহাম্মদ মিঠুন। দুই সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৬৯.৩৮ গড়ে দলের সর্বোচ্চ ৫৫৫ রান করেন খুলনার অধিনায়ক। এছাড়া আজিজুলের সংগ্রহ ৫৫.১১ গড়ে ৪৯৬ রান।
বল হাতে খুলনার সর্বোচ্চ উইকেটশিকারি শেখ পারভেজ রহমান। ১২ ইনিংসে ২৬ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। এছাড়া সফরের শিকার ২৪ উইকেট।
রংপুর ২য় ইনিংস: (আগের দিন ১৮৪/৯) ৪৯.২ ওভারে ১৮৪ (মিম ২৩, সোহেল ০*; জিয়াউর ৬-০-২২-১, মেহেদি ১৩-০-৫৭-৪, পারভেজ ১৪-২-৩২-০, সফর ৮.২-০-৪০-৫, নাহিদুল ১-০-৭-০, সৌম্য ৭-০-২৪-০)
খুলনা ২য় ইনিংস: (লক্ষ্য ২০১) ৪০.৪ ওভারে ২০৩/১ (এনামুল ৮১, আজিজুল ৭৮*, কালাম ৩৫*; মেহেদি ৫-০-৩২-০, সোহেল ৩-০-১৫-০, মামুন ৪-০-২৯-০, তাফসির ৫-০-৩১-০, হাশিম ১২-৩-৩৬-১, নাসির ২-০-১৪-০, নজরুল ৬.৪-০-৩৪-০, ইকবাল ৩-০-১১-০)
এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার
রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?
আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা
ভোগের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তরুণদের দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ