প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট-নয় মাসে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আজ সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী এসব ইতিবাচক পরিবর্তন গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। কোনো সংবাদ প্রকাশ বা বর্জনের জন্য সরকার কিংবা সরকারের কোনো সংস্থা গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করে না। সাংবাদিকরা স্বাধীনভাবে ও খোলামনে সংবাদ পরিবেশন করবেন, তবে সংবাদ হতে হবে বাস্তবভিত্তিক ও দায়িত্বশীল।
জনগণের ভোটাধিকার নিশ্চিত ও সমুন্নত রাখতে সরকার কাজ করছে উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব ও অবদান অপরিসীম। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা অব্যাহত রাখতে হবে।
গত বছরের ১২ মে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি প্রজ্ঞাপনের বিষয়বস্তু ও বিধিনিষেধের প্রতি গণমাধ্যমকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
তিনি বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্ট কিংবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে—এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম, প্রচার-প্রচারণা ও সংশ্লিষ্ট বিষয়গুলো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিদ্যমান আইন ও সরকারি প্রজ্ঞাপন বিবেচনায় রাখতে হবে।
অনেক সময় বিদেশের কোনো ঘটনা নিয়ে এমন শিরোনাম দেওয়া হয়, যেখানে ঘটনার স্থান বা দেশের নাম স্পষ্ট থাকে না। ফলে পাঠক বিভ্রান্ত হন এবং বাংলাদেশে কোনো ঘটনা ঘটেছে বলে আতঙ্কিত হতে পারেন। এ ধরনের পরিস্থিতি এড়াতে শিরোনাম ও সংবাদ পরিবেশনে যথাযথ প্রেক্ষাপট উল্লেখ করার ওপর গুরুত্ব দেন তিনি।