আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহারে তালেবান কর্তৃপক্ষ রেডিও স্টেশনগুলোকে ক্রিকেট-সংক্রান্ত কোনো বিষয় প্রচার করতেনিষেধ করা হয়েছে। দেশটিতে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা এই খেলাটির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিএএফপিকে জানিয়েছেন দুজন সম্প্রচারকর্মী ও প্রাদেশিক প্রশাসনের একটি সূত্র।
এর আগে তালেবান সরকার এই খেলার প্রতি সমর্থন জানিয়েছিল। চলতি বছরের আগস্টে তাদের ক্ষমতায় ফিরে আসার বার্ষিকীতে তারা ক্রিকেট ম্যাচের আয়োজনও করেছিল। তবে শনিবার প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগ রেডিও স্টেশনগুলোকে জানিয়ে দেয়, ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুই আর প্রচার করা যাবে না। ওই বিভাগের একটি সূত্র প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ক্রিকেট বিষয়ক প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
তিনি এএফপিকে বলেন, ম্যাচের ধারাভাষ্য, সংবাদ প্রচার, এমনকি কোনো জয়ের খবর জানানো সবই নিষিদ্ধ। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। স্থানীয় একটি রেডিও স্টেশনের প্রধান এএফপিকে জানান, তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে আমাদের ফোন করে বলা হয়েছে, এখন থেকে রেডিওতে ক্রিকেট নিয়ে কোনো কিছু প্রচার করা যাবে না।
কান্দাহারের আরেকটি রেডিও স্টেশনের ব্যবস্থাপকও এই নির্দেশনার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, কর্তৃপক্ষের পক্ষ থেকে ফোন করে বলা হয়েছে, আপাতত ক্রিকেট-সংক্রান্ত যেকোনো কিছু প্রচার নিষিদ্ধ। নিরাপত্তাজনিত কারণে এই সম্প্রচারকর্মীরা নাম প্রকাশ না করার শর্তেই এএফপির সঙ্গে কথা বলেছেন।
তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানে কিছু খেলাধুলার ওপর বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে তারা ‘মিক্সড মার্শাল আর্টস’ নিষিদ্ধ করেছে। তবে পুরুষ ও ছেলেদের ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। অন্যদিকে নারীদের জন্য জিমসহ অন্যান্য খেলাধুলায় অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এটি তাদের জনজীবনে অংশগ্রহণের সুযোগকে কঠোরভাবে সীমিত করার একটি অংশ। বর্তমানে আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতের শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলছে।