২০২৪-২৫ অর্থবছরে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ২৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ভারতের সঙ্গেই ঘাটতির পরিমাণ ৭ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।
আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পৃথক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ৫৫ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, বিপরীতে আমদানি করেছে ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের পণ্য। এতে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলারে।
একই অর্থবছরে বাংলাদেশ বিশ্বের ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি করেছে।
মন্ত্রী জানান, দেশের রপ্তানি আয়ের ৮৪ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হলে বিভিন্ন বাণিজ্যিক ব্যবস্থার আওতায় পাওয়া অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা হারাবে; যার ফলে সম্ভাব্য ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের রপ্তানি প্রভাবিত হতে পারে।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর এক প্রশ্নের জবাবে মুক্তাদির বলেন, সাফটা ও আপটার সদস্য হিসেবে বাংলাদেশ তামাক ও অ্যালকোহলযুক্ত পণ্যসহ ২৫টি আইটেম বাদে অন্য সব পণ্যের ক্ষেত্রে ভারতের বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পায়।
একই সংসদ সদস্যের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সার্কভুক্ত দেশ আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। এই দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য ব্যবধান সবচেয়ে বেশি।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৭ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। ওই সময়ে বাংলাদেশ ভারতে ১ দশমিক ৭৬৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, আর ভারত থেকে আমদানি করে মোট ৯ দশমিক ৬২৪ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য।
এদিকে, ঢাকা-১১ আসনের এনসিপি সংসদ সদস্য নাহিদ ইসলামের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ২০২৫-২৬ অর্থবছরের পরিসংখ্যান তুলে ধরেন। তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়ে ৯ দশমিক ২৪৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১ দশমিক ৮০২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, অন্যদিকে ভারত থেকে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১১ দশমিক ০৪৯ বিলিয়ন ডলারে।
তিনি আরও উল্লেখ করেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১১ দশমিক ৩৮৮ বিলিয়ন ডলার, যার মধ্যে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ১ দশমিক ৭৬৪ বিলিয়ন ডলার।