1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

পরিশোধের চাপ বাড়ায় ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল খুঁজছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

বৈদেশিক ঋণের ক্রমবর্ধমান পরিশোধের চাপ, সুদ ব্যয় বৃদ্ধি এবং উন্নয়ন অর্থায়নের উৎসে পরিবর্তনের প্রেক্ষাপটে ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল খুঁজছে বাংলাদেশ।

এ লক্ষ্যে অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ঋণ সম্মেলন শুরু হচ্ছে আজ (১৫ নভেম্বর)। কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

'পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি ঋণ ব্যবস্থাপনা' প্রতিপাদ্যে আয়োজিত দুই দিনব্যাপী 'ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬' শীর্ষক এ সম্মেলনের উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অর্থ বিভাগের সম্মেলনবিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনাকে কেন্দ্র করে এটিই প্রথম আন্তর্জাতিক সম্মেলন। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নীতিনির্ধারক, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও পেশাজীবীরা অংশ নেবেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।

সম্মেলন আয়োজনের পেছনে রয়েছে বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বাস্তবতা। এর মধ্যে রয়েছে সরকারি ঋণের পরিমাণ বৃদ্ধি, ঋণ পরিশোধে বাজেটের বড় অংশ ব্যয়, বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামা, আন্তর্জাতিক বাজারে ঋণের উচ্চ সুদ এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্পের অর্থায়ন নিশ্চিত করার চ্যালেঞ্জ।

একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে বিপুল বিনিয়োগ প্রয়োজন। এ জন্য শুধু প্রচলিত বৈদেশিক ঋণের ওপর নির্ভর না করে অর্থায়নের বিকল্প উৎস তৈরি এবং দেশীয় পুঁজিবাজার শক্তিশালী করার প্রয়োজনীয়তা সামনে এসেছে।

সম্মেলন উপলক্ষে অর্থ বিভাগের তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, ঋণ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে ইতোমধ্যে কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশল (মিডিয়াম টার্ম ডেট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি বা এমটিডিএস) প্রণয়ন, নিয়মিত ঋণ টেকসই বিশ্লেষণ এবং সরকারি ঋণসংক্রান্ত বুলেটিন প্রকাশ। চলতি অর্থবছরে বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা (অ্যানুয়াল বোরোয়িং প্ল্যান) প্রকাশের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

এ ছাড়া সরকারি ঋণ ব্যবস্থাপনার জন্য পৃথক দপ্তর (ডেট ম্যানেজমেন্ট অফিস বা ডিএমও) প্রতিষ্ঠার বিষয়টিও সম্মেলনে আলোচনায় আসবে। বর্তমানে ঋণ গ্রহণ, পরিশোধ, ঝুঁকি মূল্যায়ন ও ব্যবস্থাপনার বিভিন্ন দায়িত্ব একাধিক প্রতিষ্ঠানের মধ্যে বিভক্ত। আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে এসব কার্যক্রম আরও সমন্বিত ও দক্ষ করার উপায় খুঁজবেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশের সরকারি বন্ডবাজারে অংশগ্রহণের সুযোগ তৈরি করাও সম্মেলনের অন্যতম লক্ষ্য। স্থানীয় মুদ্রায় ইস্যু করা সরকারি সিকিউরিটিজে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাজারের তারল্য, লেনদেন নিষ্পত্তির অবকাঠামো, বৈদেশিক মুদ্রার বিনিময়যোগ্যতা এবং নীতিগত পূর্বানুমানযোগ্যতা বাড়ানো প্রয়োজন। এ জন্য আন্তর্জাতিক সিকিউরিটিজ নিষ্পত্তি প্ল্যাটফর্ম ইউরোক্লিয়ার ও ক্লিয়ারস্ট্রিমের সঙ্গে সংযোগ স্থাপনের সম্ভাবনা নিয়েও কাজ করছে বাংলাদেশ।

এ ছাড়া জেপি মরগানের সরকারি বন্ড সূচক জিবিআই-ইএমে বাংলাদেশের অন্তর্ভুক্তিকে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনা হিসেবে দেখছে অর্থ বিভাগ। সম্মেলনে এ সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় মুদ্রার বন্ডবাজারকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আরও সহজলভ্য করার উপায় নিয়ে আলোচনা হবে।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রচলিত ঋণ গ্রহণ পদ্ধতির বাইরে বিকল্প অর্থায়নের উৎস তৈরির বিষয়টিও সম্মেলনে গুরুত্ব পাবে। এর মধ্যে রয়েছে সার্বভৌম সুকুক, গ্রিন বন্ড, ব্লু বন্ড, এসডিজি-সংযুক্ত বন্ড, সার্বভৌম ইউরোবন্ড এবং ব্লেন্ডেড ফাইন্যান্স।

বিশেষ করে অবকাঠামো উন্নয়নে সরকারি ও বেসরকারি বিনিয়োগ একত্র করার পাশাপাশি ঝুঁকি ভাগাভাগির পদ্ধতি নিয়েও আলোচনা হবে।

ব্লেন্ডেড ফাইন্যান্সের মাধ্যমে উন্নয়ন সহযোগীদের অর্থায়ন ও বেসরকারি বিনিয়োগ একত্র করে বড় প্রকল্প বাস্তবায়নের সুযোগ রয়েছে। তবে এ ধরনের অর্থায়নে সরকারি গ্যারান্টি বা অন্যান্য দায়বদ্ধতার কারণে ভবিষ্যতে সরকারের ওপর কী ধরনের আর্থিক ঝুঁকি তৈরি হতে পারে, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

সম্মেলনের প্রথম দিনে উচ্চ সুদের পরিবেশে অর্থায়ন কৌশল, স্থানীয় মুদ্রার বন্ডবাজার উন্নয়ন এবং সরকারি বিনিয়োগে বেসরকারি পুঁজি আকৃষ্ট করার বিষয়ে তিনটি অধিবেশন অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিনে সুকুক ও ইসলামি অর্থায়ন, আইএমএফ-বিশ্বব্যাংকের নতুন ঋণ টেকসই কাঠামো, ঋণ ব্যবস্থাপনা দপ্তর প্রতিষ্ঠা এবং বিকল্প অর্থায়ন নিয়ে আরও চারটি অধিবেশন থাকবে।

আইএমএফ ও বিশ্বব্যাংকের নতুন ঋণ টেকসই কাঠামো নিয়ে আলোচনা বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, ঋণের পরিমাণের পাশাপাশি দেশের রপ্তানি আয়, রাজস্ব সংগ্রহ, বৈদেশিক মুদ্রার সক্ষমতা এবং ঋণ পরিশোধের সামর্থ্য বিবেচনায় নিয়ে ভবিষ্যতে কতটা ঋণ নেওয়া নিরাপদ, তা নির্ধারণ করা প্রয়োজন।

আইএমএফের ২০২৫ সালের আর্টিকেল ফোর পর্যালোচনার ঋণ টেকসই বিশ্লেষণে বাংলাদেশের সামগ্রিক ও বৈদেশিক ঋণসংকটের ঝুঁকি 'মাঝারি' হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

সংস্থাটি বলেছে, রাজস্ব আয় বাড়ানো, আর্থিক খাতের সংস্কার এবং সরকারি ঋণের ঝুঁকি নিয়ন্ত্রণে ধারাবাহিক উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে বাংলাদেশের সরকারি সিকিউরিটিজের বিনিয়োগকারীর পরিসর সীমিত এবং ব্যাংক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা রয়েছে বলেও উল্লেখ করেছে আইএমএফ।

অর্থ বিভাগের আশা, সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঋণ গ্রহণের ব্যয় ও ঝুঁকির মধ্যে ভারসাম্য তৈরি, দেশীয় বন্ডবাজারের উন্নয়ন, বিকল্প অর্থায়নের সুযোগ বৃদ্ধি এবং ঋণ ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা পাওয়া যাবে।

বিশেষজ্ঞদের অংশগ্রহণে দুই দিনের এ সম্মেলন শেষ হবে সোমবার (১৬ নভেম্বর)। সম্মেলনের সুপারিশ ও আলোচনার ফলাফল সরকারি ঋণ ব্যবস্থাপনার সংস্কারে কাজে লাগানোর প্রত্যাশা করছে অর্থ বিভাগ।

এলডিসি উত্তরণের পর বাড়তে পারে ঋণের ব্যয়

ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল খোঁজার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি।

জাতিসংঘের সাধারণ পরিষদ গত ২৯ অক্টোবর বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণের সময় নির্ধারিত হয়েছে।

এলডিসি হিসেবে বাংলাদেশ এত দিন বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীর কাছ থেকে তুলনামূলক সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ পেয়েছে। উত্তরণের পর এসব সুবিধার কিছু ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে দীর্ঘমেয়াদি স্বল্প সুদের ঋণের সুযোগ সীমিত হলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তুলনামূলক বেশি সুদের অর্থায়নের ওপর নির্ভরতা বাড়তে পারে।

এ বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৫ সালের আর্টিকেল ফোর পর্যালোচনার সঙ্গে প্রকাশিত ঋণ টেকসই বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যমেয়াদে দীর্ঘমেয়াদি সহজ শর্তের বৈদেশিক অর্থায়নের প্রাপ্যতা কমে আসার আশঙ্কা রয়েছে। এ কারণে দেশের অভ্যন্তরীণ বন্ডবাজারের উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি ঋণের মেয়াদ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

তবে এলডিসি থেকে উত্তরণের অর্থ এই নয় যে সব উন্নয়ন সহযোগীর সহজ শর্তের ঋণ একসঙ্গে বন্ধ হয়ে যাবে। ঋণের শর্ত নির্ধারণে দেশের মাথাপিছু আয়, ঋণ পরিশোধের সক্ষমতা এবং সংশ্লিষ্ট ঋণদাতা প্রতিষ্ঠানের নীতিমালাও গুরুত্বপূর্ণ।

কিন্তু সহজ শর্তের অর্থায়ন কমে গেলে একই প্রকল্প বাস্তবায়নে বেশি সুদ দিতে হতে পারে। এতে ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।

এলডিসি উত্তরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্কমুক্ত সুবিধা হারানোর ঝুঁকিও রয়েছে। ফলে রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার সরবরাহ এবং ঋণ পরিশোধের সক্ষমতা ধরে রাখতে অর্থনীতির প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো জরুরি হয়ে উঠবে।

এ বাস্তবতায় ঋণ গ্রহণের পাশাপাশি ঋণ থেকে কতটা অর্থনৈতিক সুফল পাওয়া যাচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ইতিমধ্যে ২২ লাখ কোটি টাকা ছাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ