রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. ওমর ছানিকে (২৭) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
আজ শনিবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে আকতার হোসেন জানান, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উত্তরা পশ্চিম থানার একটি আভিযানিক দল থানা এলাকার ৭নং সেক্টরের উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে ওমর ছানিকে গ্রেপ্তার করে।
ডিসি আকতার হোসেন বলেন, গ্রেপ্তার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।