1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার বাংলাদেশ-পাকিস্তান সাফ সেমিফাইনাল: পরিসংখ্যান কী বলছে ১১ দলীয় ঐক্য: ২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চ স্থগিত পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে সিলেট বিভাগে হামের লক্ষণ নিয়ে তরুণের মৃত্যু সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার এবার জাতীয় ক্রিকেট লিগে বল টেম্পারিংয়ের অভিযোগ দে মিগেলের মৃত‍্যুর পর ১২ ম‍্যাচ নিষিদ্ধ ওউনো ১৫ বছরে অধিনায়কত্ব করে সুরিয়াভানশির বিশ্ব রেকর্ড

ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের নির্ধারিত সীমা লঙ্ঘন করে অভিনব জালিয়াতির মাধ্যমে চার কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের এক চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটিত হয়েছে। এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে এই বিশাল অংকের অর্থ হাতিয়ে নেওয়া হয়। এই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের করা মামলার পরিপ্রেক্ষিতে টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ও তার স্ত্রীকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের হেফাজত থেকে আত্মসাৎ করা নগদ ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃত দম্পতি হলেন—নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তার স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশি (২৮)। মূল অভিযুক্ত শহিদুল ইসলাম ইসলামী ব্যাংক নওগাঁ শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ২০১৫ সালে শহিদুল ইসলামের অনুকূলে এক লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করেছিল ইসলামী ব্যাংক নওগাঁ শাখা। সম্প্রতি ওই কার্ড ও পূবালী ব্যাংকের এটিএম বা সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে তিনি ব্যাংক হিসাবে ধারাবাহিক ও সম্পূর্ণ অননুমোদিত উপায়ে অর্থ স্থানান্তর শুরু করেন। প্রাথমিক পর্যায়ে প্রতি লেনদেনে এক লাখ টাকার কম স্থানান্তর করা হলেও পরবর্তীতে তা বাড়িয়ে প্রতি লেনদেনে দুই লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হয়, যা কার্ডের অনুমোদিত সীমার সম্পূর্ণ পরিপন্থী। গত বছরের জুন মাস থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টিরও বেশি লেনদেনের মাধ্যমে ব্যাংকটির মোট চার কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

পুলিশ সুপার আরও জানান, ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর নওগাঁ সদর মডেল থানায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত শহিদুল ইসলাম ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাদের শয়নকক্ষের কাঠের আলমারিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা, সাতটি এটিএম কার্ড ও তিনটি চেক বই উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি এই জালিয়াতির কথা স্বীকার করেছেন। তারা পুলিশকে জানিয়েছেন, আত্মসাৎ করা অর্থের একটি বড় অংশ—প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। বাকি টাকা দিয়ে তারা বিলাসবহুল জীবনযাপন করতেন। এই ঘটনার পেছনে ব্যাংকের অভ্যন্তরীণ কোনো চক্র বা অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাসিবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ