1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

বিয়ের আগেই সোনার গয়না নিয়ে উধাও কনে, প্রতারণার শিকার প্রবাসী বর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

রংপুর: রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন হবিগঞ্জের ব্রুনেইপ্রবাসী এক যুবক। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর ঠিক আগমুহূর্তে কনে ও তার কথিত স্বজনেরা প্রায় চার ভরি সোনার গয়না, নগদ টাকা ও নতুন পোশাক নিয়ে উধাও হয়ে যান। এ ঘটনায় বরপক্ষ রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় প্রতারণা ও চুরির অভিযোগে মামলা করেছেন। পুলিশ ধারণা করছে, এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ।

ভুক্তভোগী বরের নাম ফয়ছল আহমেদ। তিনি ব্রুনেইপ্রবাসী এবং বিয়ে করার উদ্দেশ্যে পাঁচ মাস আগে দেশে ফিরেছিলেন। তার বাড়ি হবিগঞ্জ জেলা সদরের মাছুলিয়া গ্রামে। গত বুধবার (১১ নভেম্বর) বিকেলে রংপুর নগরের কামাল কাছনায় একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন চলছিল। বাসভর্তি ৪২ বরযাত্রী নিয়ে তিনি রংপুরে পৌঁছেছিলেন। কিন্তু বিয়ের আগেই কনে শ্যামলা খাতুন (১৯) ও তার সঙ্গীরা সোনার গয়না নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলায় কনে শ্যামলা খাতুন, সুমি আক্তার (২৬) ও তার স্বামী সুভাষ আহমেদকে (৩৫) আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও বরপক্ষের বরাতে জানা যায়, ফয়ছলের ছোট বোন তামান্না আক্তারের সঙ্গে সুমি আক্তারের পরিচয় ছিল। তারা চট্টগ্রামে একই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। সুমি নিজেকে কুড়িগ্রামের বাসিন্দা পরিচয় দিলেও পরে ঢাকায় চলে যান। মুঠোফোনে যোগাযোগ থাকার সুবাদে তামান্না সুমিকে বড় ভাই ফয়ছলের বিয়ের কথা জানান। সুমি তার কথিত ছোট বোন শ্যামলার সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। ভিডিও কলে কথা হওয়ার পর শ্যামলাকে পছন্দ করেন ফয়ছল। বুধবার (১১ নভেম্বর) বিয়ের দিন ধার্য করা হয় এবং কনেপক্ষ রংপুরে কমিউনিটি সেন্টারের আয়োজন করে ।

বিয়ের আগে বরপক্ষ কনেকে চার ভরি সোনার গয়না দেন। এর মধ্যে গলার হার, চেইন, হাতের বালা ও আংটি ছিল। সোনার গয়নার মান যাচাইয়ের জন্য কনের কথিত বোন পরিচয় দেওয়া তিন নারীসহ বর, তার দুই বোন, ভগ্নিপতি ও বাবা নগরের একটি জুয়েলারি দোকানে যান। মান ঠিক পাওয়ার পর কনেকে সাজানোর জন্য একটি বিউটি পারলারে নেওয়া হয়।

এ সময় বর ফয়ছল তার বাবা ও ভগ্নিপতিকে নিয়ে বিয়ের বাকি কেনাকাটা করতে অন্যত্র যান। পার্লারে কনেকে সোনার গয়না পরিয়ে সাজানো হয়। এরপর কনেকে একটি রিকশায় তোলা হয়। সঙ্গে ওঠেন কনের বোন পরিচয় দেওয়া একজন। অন্য একটি অটোরিকশায় ওঠেন বরের দুই বোন ও কনের আরও দুই কথিত বোন।

অটোরিকশাটি রংপুর নগর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে একটি বটগাছের নিচে থামানো হয়। সেখানে বরের দুই বোনকে রাস্তায় অপেক্ষায় রেখে কনের কথিত বোনেরা কৌশলে চলে যান। কনেকে নিয়ে যাওয়া রিকশাটি আর খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ অপেক্ষার পর বরের দুই বোন ফোন করে বিষয়টি জানান। শেষ পর্যন্ত বিয়ে না করেই হবিগঞ্জে ফিরতে হয় বরপক্ষকে।

বরপক্ষের অভিযোগ অনুযায়ী, উধাও হওয়া সোনার গয়নার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এ ছাড়া নগদ ৭ থেকে ১০ হাজার টাকা এবং প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার নতুন পোশাক ও শাড়ি নিয়ে যাওয়া হয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত অনেক দূর এগিয়েছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্তরা একটি প্রতারক চক্রের সদস্য।

যে কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছিল, তার ব্যবস্থাপক (অপারেশন) রাকিবুল ইসলাম জানান, কনেপক্ষ এক সপ্তাহ আগে বুকিং দেওয়ার কথা বললেও বুধবার সকালে বরযাত্রী নিয়ে এসে ভাড়া নিতে চায়। মানবিক বিবেচনায় ৪২ হাজার টাকা ভাড়া এবং প্রায় ৪০ হাজার টাকার খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু কনেপক্ষ টাকা পরিশোধ করেনি এবং খাওয়াদাওয়ার পর্বও হয়নি। কনেপক্ষের কাউকে পেলে আয়োজনের টাকা আদায় করা হবে বলে তিনি জানান।

ফয়ছল আহমেদ বলেন, ‘ছোট বোন তামান্না আমার বিয়ের সবকিছু ঠিকঠাক করেছিল। তার প্রতি আমার ও পরিবারের আস্থা ছিল। তামান্নার আস্থা ছিল একই ফ্ল্যাটে পাশাপাশি ভাড়া থাকা সুমি আক্তারের প্রতি। বিশ্বাস করে এত বড় প্রতারণার শিকার হব, কখনো ভাবিনি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ