1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ নিট পেনশন নির্ধারণ আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন ব্যাংকের সিএফও ও কোম্পানি সচিব পদে অযোগ্য খেলাপি-দন্ডিত-দেওলিয়ারা সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা দুই রপ্তানিকারকের চালানে গরমিল, রাজস্ব ফাঁকির পরিমাণ দেড় কোটি টাকা সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপির সভা, সন্ত্রাসবিরোধী মামলায় ৯ নেতা-কর্মী গ্রেপ্তার সংরক্ষিত নারী এমপির ব্যবস্থা তুলে দেওয়ার প্রস্তাব স্পিকারের ক্ষমতার রাজনীতিতে এক অপরাধ সম্রাট গাড়ি পুড়িয়ে লাভ হবে না, আন্ডারগ্রাউন্ড রাজনীতির পক্ষে নয় দেশবাসী

ক্ষমতার রাজনীতিতে এক অপরাধ সম্রাট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

চীনের সাংহাইয়ের অপরাধজগতের কিংবদন্তি নাম দু ইউয়েশেং। দারিদ্র্যের অন্ধকার গলি থেকে উঠে এসে যিনি একসময় নিজের মুঠোয় বন্দী করেছিলেন গোটা সাংহাইয়ের অপরাধজগৎ, মাদক ব্যবসা, রাজনীতি ও অর্থনীতির নিয়ন্ত্রণ। তাঁর ইশারা ছাড়া শহরের অন্ধকার জগতের অনেক কর্মকাণ্ডই ছিল অচল। একদিকে দানশীল সমাজসেবক ও প্রভাবশালী ব্যবসায়ী, অন্যদিকে অপরাধ সাম্রাজ্যের নির্মম শাসক। সব মিলিয়ে ইতিহাস তাঁকে মনে রেখেছে ‘সাংহাইয়ের সম্রাট’ হিসেবে।

চীনের ইতিহাসের এক উত্তাল সময়ে তাঁর উত্থান ঘটে। জাতীয়তাবাদী নেতা চিয়াং কাই-শেকের সঙ্গে গড়ে ওঠে তাঁর রাজনৈতিক ও অপরাধমূলক অংশীদারত্ব। ১৯২৭ সালে সাংহাইয়ে কমিউনিস্ট ও শ্রমিক ইউনিয়নের সদস্যদের ওপর পরিচালিত ভয়াবহ হত্যাযজ্ঞে তাঁর গ্রিন গ্যাং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিনিময়ে রাজনৈতিক আশ্রয়, প্রশাসনিক প্রভাব এবং মাদক ব্যবসার বিস্তারের সুযোগ পান দু।

দারিদ্র্য, অপরাধ, ক্ষমতা, রাজনীতি ও বিশ্বাসঘাতকতায় গড়া এই জীবন শেষ হয়েছিল নির্বাসন ও বিস্মৃতির মধ্য দিয়ে। ১৯৫১ সালে মৃত্যুর আগপর্যন্ত যে শহর একসময় তাঁর নিয়ন্ত্রণে ছিল, সেখানে আর কখনো ফিরে যেতে পারেননি তিনি।

১৮৮৮ সালের আগস্টে চীনের জিয়াংসু প্রদেশের গাওছিয়াওয়ে জন্মগ্রহণ করেন দু ইউয়েশেং। তখন ছিং রাজবংশের শাসন দুর্বল হয়ে পড়েছে। বিদেশি শক্তিগুলো চীনের বিভিন্ন উপকূলীয় শহরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সাংহাইয়ের একটি অংশ ফরাসিদের নিয়ন্ত্রণে, অন্য অংশ ব্রিটিশ ও মার্কিনদের যৌথ প্রশাসনে পরিচালিত হতো।

বিদেশি নিয়ন্ত্রিত এসব এলাকায় চীনা প্রশাসনের কর্তৃত্ব ছিল সীমিত। বিদেশিরা নিজেদের আইন, প্রশাসন ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করত। অন্যদিকে শহরের দরিদ্র জনগোষ্ঠী শ্রমের বিনিময়ে এই সমৃদ্ধ অর্থনীতিকে সচল রাখত।

বিপুল সম্পদের পাশাপাশি সাংহাইয়ে ছড়িয়ে পড়েছিল আফিম, জুয়া, যৌন ব্যবসা ও চাঁদাবাজি। প্রশাসনিক বিভাজন এবং দুর্বল আইনশৃঙ্খলা অপরাধীদের জন্য তৈরি করেছিল নিরাপদ আশ্রয়।

দুয়ের পরিবারও ছিল এই দরিদ্র জনগোষ্ঠীর অংশ। তাঁর বাবা কখনো চালের দোকান চালাতেন, কখনো দিনমজুরের কাজ করতেন। মা ছিলেন ধোপানি। মাত্র তিন বছর বয়সে মাকে হারান দু। পরে তাঁর বাবা শিশুকন্যাকে দাসত্বের জন্য বিক্রি করে দেন। চাচার কাছে বড় হতে থাকা দু কাঠমিস্ত্রির শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন।

কিন্তু শারীরিক পরিশ্রমের প্রতি তাঁর অনীহা এবং জুয়ার প্রতি আসক্তি তাঁকে অল্প বয়সেই বিপথে নিয়ে যায়। চাচার টাকা চুরি করার কারণে মাত্র আট বছর বয়সে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাঁকে। এরপর বাবার মৃত্যুর পর সৎমায়ের কাছেও আশ্রয় হারান। স্থানীয় অপরাধীরা তাঁর সৎমাকে অপহরণ করে পতিতালয়ে বিক্রি করে দিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

মাত্র ১৪ বছর বয়সে ১৯০২ সালে ভাগ্য পরিবর্তনের আশায় সাংহাইয়ে পাড়ি জমান দু।

সাংহাইয়ে এসে প্রথম দিকে বিভিন্ন ছোটখাটো কাজ করতেন দু। পরে দা ইউ ফল কোম্পানিতে শিক্ষানবিশ হিসেবে চাকরি পান। কিন্তু উপার্জনের অধিকাংশই ব্যয় হতো জুয়ার আসরে। দোকানের ক্যাশবাক্স থেকে টাকা চুরি করার অভিযোগে একসময় চাকরিটিও হারান।

তবে জুয়ার আসরগুলোতে ঘুরতে ঘুরতে সাংহাইয়ের অপরাধজগতের বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় তৈরি হয়। তাঁদের একজনের সহায়তায় গ্রিন গ্যাংয়ে প্রবেশের সুযোগ পান তিনি।

গ্রিন গ্যাংয়ের উৎপত্তি হয়েছিল গ্র্যান্ড ক্যানালকেন্দ্রিক নৌকার মাঝিদের একটি গোপন সংগঠন থেকে। পরবর্তী সময়ে এটি পূর্ব চীনের অন্যতম শক্তিশালী অপরাধী সংগঠনে পরিণত হয়।

শুরুতে জুয়ার নম্বর সরবরাহ, চাঁদাবাজি ও আফিম বিক্রির মতো ছোটখাটো অপরাধে যুক্ত ছিলেন দু। নিজেও আফিমে আসক্ত হয়ে পড়েন। তাঁর ঝুলে থাকা বাম চোখের পাতা, বড় কান ও কামানো মাথার কারণে পরিচিতি পান ‘বিগ-ইয়ার দু’ বা বড় কানের দু নামে।

তাঁর জীবনের মোড় ঘুরে যায় গ্রিন গ্যাংয়ের প্রভাবশালী নেতা হুয়াং জিনরংয়ের সঙ্গে পরিচয়ের পর। গুটিবসন্তের দাগে ভরা মুখের কারণে হুয়াং পরিচিত ছিলেন ‘পকমার্কড হুয়াং’ নামে। ফরাসি নিয়ন্ত্রিত এলাকার পুলিশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অপরাধজগতের তথ্য সংগ্রহ ও অপরাধী ধরতে সহযোগিতা করার বিনিময়ে তিনি পুলিশের সুরক্ষা পেতেন।

হুয়াংয়ের স্ত্রী লিন গুইশেংও দুয়ের প্রতি বিশেষ অনুরাগী ছিলেন। তাঁর সুপারিশে দু ক্রমশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে থাকেন। প্রথমে ছোট আফিমের আড্ডা, পরে ফরাসি নিয়ন্ত্রিত এলাকার বড় মাদক ব্যবসার দায়িত্ব পান তিনি।

১৯২৪ সালে হুয়াংয়ের জীবনে বড় বিপর্যয় নেমে আসে। এক সামরিক শাসকের ছেলের সঙ্গে বিরোধের জেরে তাঁকে বিদেশি নিয়ন্ত্রিত এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এবং নির্মমভাবে মারধর করা হয়।

দু এই ঘটনাকে নিজের ক্ষমতা বাড়ানোর সুযোগ হিসেবে কাজে লাগান। সহযোগী ঝাং শাওলিনকে সঙ্গে নিয়ে বিপুল অর্থ সংগ্রহ করে হুয়াংকে কারাগার থেকে মুক্ত করেন। কিন্তু এই ঘটনার পর হুয়াংয়ের প্রভাব কমে যায়। দু হয়ে ওঠেন তাঁর সমমর্যাদার অংশীদার।

পরবর্তী সময়ে হুয়াং, ঝাং ও দু মিলে প্রতিষ্ঠা করেন ‘থ্রি প্রসপারিটিজ কোম্পানি’। কাগজে-কলমে এটি যৌথ প্রতিষ্ঠান হলেও বাস্তবে এর নিয়ন্ত্রণ ছিল দুয়ের হাতে।

আফিমের পাইকারি ব্যবসা, পরিশোধন, বিক্রি এবং সেবনের আড্ডাগুলো থেকে বিপুল অর্থ আসতে থাকে। তাঁর ‘ব্ল্যাক স্টাফ কোম্পানি’ আফিমের আড্ডাগুলোর ওপর কর আদায় করত। বৈধ ব্যবসার আড়ালেও চলত মাদক ও জুয়ার অর্থ লেনদেন।

গ্রিন গ্যাংয়ের গোয়েন্দা নেটওয়ার্ক, পুলিশের সঙ্গে যোগাযোগ এবং সাংহাইয়ের তিন প্রশাসনিক অঞ্চলের বিভক্ত আইনশৃঙ্খলা ব্যবস্থা তাঁকে প্রায় ধরাছোঁয়ার বাইরে রাখে। সাংবাদিক বার্ট্রাম লেনক্স সিম্পসন ১৯৩০ সালে সাংহাইয়ের আফিম ব্যবসার ভয়াবহ চিত্র প্রকাশের চেষ্টা করেছিলেন। কিন্তু এক অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে তিনি নিহত হন। তাঁর হত্যার রহস্য আর উদ্ঘাটিত হয়নি।

দু ইউয়েশেং বুঝেছিলেন, শুধু ভয় দেখিয়ে দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখা যায় না। তাই অপরাধের পাশাপাশি দানশীলতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের জনপ্রিয়তা বাড়াতে থাকেন।

বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান, স্কুল ও মন্দিরে অর্থ দান করেন। সামরিক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্য পাঠান। তাঁর একটি বিখ্যাত উক্তি ছিল, ‘আমি টাকা জমাই না; বন্ধুত্ব জমাই।’

তবে এই উদারতার আড়ালে ছিল ভয়াবহ নিষ্ঠুরতা। ১৯২৭ সালের মধ্যে তাঁর অনুমতি ছাড়া সাংহাইয়ে বড় কোনো অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। কেউ গ্রিন গ্যাংকে ভাগ না দিয়ে চুরি, জুয়া কিংবা চাঁদাবাজি করলে তাকে অপহরণ, নির্যাতন কিংবা হত্যার মুখোমুখি হতে হতো।

কাউকে সতর্ক করতে দুয়ের বাড়িতে একটি কফিন পাঠিয়ে দেওয়া হতো। এই বার্তার অর্থ বুঝতে কারও অসুবিধা হতো না।

অন্যদিকে তাঁর সম্পদ ও সামাজিক মর্যাদা বাড়তে থাকে। ১৯৩৩ সালে চীনের ‘হু ইজ হু’ তালিকায় তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয় একজন ব্যাংকার ও জনকল্যাণকর্মী হিসেবে। অথচ তাঁর বিপুল সম্পদের প্রধান উৎস ছিল মাদক, জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ড।

দুয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ১৯২৭ সালে। তখন জাতীয়তাবাদী নেতা চিয়াং কাই-শেক চীনের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সামরিক অভিযান পরিচালনা করছেন। তাঁর সামনে বড় বাধা ছিল সাংহাইয়ের শক্তিশালী কমিউনিস্ট সংগঠন ও শ্রমিক ইউনিয়ন।

শহরে ৪০ হাজারের বেশি শ্রমিক ও কারখানাশ্রমিককে সংগঠিত করেছিল কমিউনিস্টরা। আন্তর্জাতিক এলাকা বাদে সাংহাইয়ের বড় অংশে তাদের প্রভাব ছিল।

চিয়াংয়ের প্রয়োজন ছিল এমন একজন সহযোগী, যিনি শহরের ভেতরে থেকে কমিউনিস্টদের শক্তি ভেঙে দিতে পারবেন। সেই সুযোগে এগিয়ে আসে গ্রিন গ্যাং। হুয়াং জিনরংয়ের মাধ্যমে চিয়াংয়ের সঙ্গে যোগাযোগ তৈরি হয় দুয়ের।

বিনিময়ে চিয়াংকে অর্থ, অস্ত্র ও ব্যবসায়ী শ্রেণির সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেয় গ্রিন গ্যাং। দু ফরাসি ও মার্কিনদের কাছ থেকে কয়েক শ অস্ত্র সংগ্রহ করে নিজের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করেন।

১৯২৭ সালের ১১ এপ্রিল শ্রমিক ইউনিয়নের এক নেতাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান দু। কমিউনিস্টদের বিরোধিতা করতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয়। পরে চটের বস্তায় ভরে ফরাসি নিয়ন্ত্রিত এলাকার বাইরে নিয়ে জীবন্ত মাটিচাপা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ