২০২৬ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ ছিল যুক্তরাষ্ট্র। সেই বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এবারের আসরের আয়োজক কাতার, যারা এর আগে ২০২২ সালে আয়োজন করেছিল ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ। তবে এবার বিশ্বকাপের মঞ্চে নামার আগেই নিরাপত্তা শঙ্কায় থেমে গেল যুক্তরাষ্ট্রের যাত্রা। কাতারে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
নিরাপত্তাজনিত উদ্বেগ এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ সতর্কবার্তা বিবেচনায় নিয়ে কাতারে অনুষ্ঠেয় ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১১ নভেম্বর) খেলোয়াড়দের পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির ফুটবল ফেডারেশন।
বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠিতে বলা হয়েছে, 'বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে প্রাক-টুর্নামেন্ট অনুশীলন ক্যাম্প ও মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ বাতিল করা হয়েছে।'
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হওয়ার কথা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের। টুর্নামেন্টে ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ছিল মন্টেনিগ্রো, আলজেরিয়া ও চিলি।
চিঠিতে কাতারের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা এবং দেশটিতে অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মী ও তাদের পরিবারের জন্য জারি করা বিশেষ নির্দেশনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘আমাদের খেলোয়াড় ও কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষাই সব সময় আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।’
যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন জানিয়েছে, গতকালই খেলোয়াড়দের ক্লাবগুলোকে সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার আগপর্যন্ত খেলোয়াড়দের এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করার অনুরোধও জানানো হয়েছে।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিফা।
গত মাসে কাতার নিয়ে ভ্রমণ সতর্কবার্তা হালনাগাদ করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেখানে সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের কাতার ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হুতিদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ওই সতর্কবার্তা হালনাগাদ করা হয়েছিল।
৪৮ দল নিয়ে কাতারে এবারের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনিগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের টুর্নামেন্ট শুরু করার কথা ছিল। এরপর চিলি ও আলজেরিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল দলটির।
গত বছরও কাতারে অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। সেবার শেষ ৩২ দলের পর্ব পর্যন্ত খেলেছিল যুক্তরাষ্ট্র। ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছর এই প্রতিযোগিতা আয়োজন করবে কাতার।