শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত একটি ম্যাচ শেষ হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই অনুশীলনে নামে বাংলাদেশ ফুটবল দল। আজ সকাল দশটায় বসুন্ধরা কিংস অ্যারেনার এবিজি স্পোর্টস সিটি মাঠে নিজেদের ঝালিয়ে নেন হামজারা। অনুশীলনের ফাঁকে জামাল জানালেন, শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত একটি জয়ের পর দলের সবাই খুশি। এখন তাদের ফোকাস পাকিস্তান ম্যাচের দিকে। জামাল বলেন, 'ম্যাচ ভালো ছিল, আমরা চারটা গোল করেছি। এটা একটা ভালো জিনিস। আর আমরা ক্লিন শট আবার করছি। সো ওভারঅল সবাই স্যাটিসফাইড, সবাই হ্যাপি। এখন ফোকাস হবে পাকিস্তানের সাথে। কারণ পাকিস্তান আই থিংক বেটার টিম দেন শ্রীলঙ্কা।'
শ্রীলঙ্কা ম্যাচে ফারহান আলী ওয়াহিদ অবিশ্বাস্য একটি গোল করেছে। এই গোলটি কেমন লাগলো? জামাল বলেন, 'সম্ভবত ওয়ান অফ দ্যা বেস্ট গোলস ইন ন্যাশনাল স্টেডিয়াম, যেটা আমি দেখছি। আমি মনে করি, হামজার বাইসাইকেল আর ফারহান যে গোল করেছে, মাস্ট বি ইন টপ থ্রি।'
মেসি, নেইমার কিংবা ইয়ামালের সঙ্গে ফারহানকে তুলনা করতে চান না জামাল। তিনি বলেন, 'আমি চাই, ফারহান ওর নিজের প্রোফাইল বড় করতে হবে, ওর অন্য প্লেয়ারের সাথে কম্পেয়ার করতে হবে না। কারণ যারা বাংলাদেশের ফ্যান আছে, ওরা সবাই বলে আমার মেসি, আমার ইয়ামাল। তবে আমি চাই, উনি নিজে নাম বড় করতে হবে।'
হামজার অধিনায়কত্ব প্রসঙ্গে জামাল বলেন, 'উনি ডিসার্ভ করেন, উনি ভালো খেলছেন। আর হামজা দলের সেরা খেলোয়াড়। আমি তাকে নিয়ে আমি খুশি।'