বাংলাদেশ রেলওয়ের ঢাকা লোকো শেডের স্টোরে সরঞ্জাম ক্রয়ে দুর্নীতি, বাগেরহাট পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি এবং পঞ্চগড় ও নাটোরে সড়ক নির্মাণ ও সংস্কারকাজে অনিয়মের অভিযোগে চারটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এসব অভিযান পরিচালনা করে।
দুদক জানায়, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (লোকো), কমলাপুরের অধীন ঢাকা লোকো শেডের স্টোরে বিভিন্ন সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এনফোর্সমেন্ট টিম স্টোরে সংরক্ষিত মালামালের রেজিস্টার, ক্রয়তালিকা ও সংশ্লিষ্ট ভাউচার পর্যালোচনা করে। পাশাপাশি ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েলসহ অন্যান্য মালামালের মজুত সরেজমিনে যাচাই করে রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এতে মালামাল সংরক্ষণ ও রেজিস্টারে তথ্য লিপিবদ্ধকরণে প্রাথমিকভাবে কিছু অনিয়ম ও অসংগতি পাওয়া যায়।
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দালালচক্রের যোগসাজশে সেবাগ্রহীতাদের হয়রানি, সরকারি নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়, আবেদনপত্র গ্রহণে অনিয়ম ও অসদাচরণের অভিযোগে দুদকের জেলা কার্যালয়, বাগেরহাট থেকে তিন সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় টিম ছদ্মবেশে পাসপোর্ট সেবা কার্যক্রম পর্যবেক্ষণ এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করে। পাশাপাশি সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা করে প্রাথমিকভাবে বেশ কিছু অসংগতি পাওয়া যায়।
অন্যদিকে, পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি কালভার্ট পর্যন্ত সড়কের দুপাশে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নিম্নমানের ইট বিছানোর মাত্র তিন মাসের মাথায় তা তুলে ফেলার অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে অভিযোগসংশ্লিষ্ট সড়কটি সরেজমিনে পরিদর্শন করা হয়। নির্মাণকাজের মান ও ব্যবহৃত সামগ্রী যাচাইয়ের জন্য বিভিন্ন নির্মাণসামগ্রীর নমুনাও সংগ্রহ করা হয়।
এছাড়া, নাটোরের লালপুর উপজেলাধীন লালপুর-ভায়া বিলমাড়ীয়া-দুরদুরিয়া গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, প্রাক্কলন ও নির্ধারিত শিডিউল অনুসরণ না করা এবং ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে সরকারি অর্থের অপচয়ের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী থেকে তিন সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করে। টিম সড়ক ও জনপথ বিভাগ, নাটোরের একজন নিরপেক্ষ প্রকৌশলীকে সঙ্গে নিয়ে সড়কের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করে। পাশাপাশি উপজেলা প্রকৌশলীর কার্যালয়, এলজিইডি, নাটোর থেকে সংশ্লিষ্ট প্রকল্পের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
দুদক জানায়, চারটি অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত, রেকর্ডপত্র ও নির্মাণসামগ্রীর নমুনা পর্যালোচনা এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের কারিগরি প্রতিবেদন পাওয়ার পর কমিশন বরাবর পৃথক পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।